ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফরাসি ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।
২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি থাকার পরও ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে মাঠে নিজের অবস্থান ফিরে পেতে লড়াই করা ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারের যাত্রা মোনাকোর সাথে এক মৌসুমেই থমকে গেল।
মোনাকো কর্তৃপক্ষ জানিয়েছে, পগবা ক্লাবে যোগ দেয়ার সময় যেসব লক্ষ্য ঠিক করা হয়েছিল, তা পুরোপুরি অর্জিত না হওয়ায় দুই পক্ষ আলোচনা সাপেক্ষে এই চুক্তির সমাপ্তি টানার বিষয়ে সম্মত হয়েছে।
ডোপিংয়ের কারণে দুই বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকার পর মোনাকোর হয়ে নতুন করে ক্যারিয়ার গড়ার স্বপ্ন বুনেছিলেন এই ফরাসি তারকা। তবে চোট এবং ফর্মহীনতার কারণে তিনি প্রত্যাশিত ম্যাচ খেলতে পারেননি। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার মোনাকোর লাল-সাদা জার্সিতে মাত্র ৬টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান, যার মধ্যে শুরুর একাদশে ছিলেন কেবল ১টি ম্যাচে।
বিদায়বেলায় আবেগঘন এক বিবৃতিতে পগবা ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকদের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট, ক্লাব ব্যবস্থাপনা, সতীর্থ, সকল স্টাফ এবং সেইসব ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। এই ক্লাব এবং প্রিন্সিপালিটিকে প্রতিনিধিত্ব করা একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল। মোনাকো একটি অসাধারণ ক্লাব। আমি যতটা আশা করেছিলাম ততটা ম্যাচ খেলতে না পারলেও এই ক্লাবের জার্সিতে মাঠে নামার সুযোগ পাওয়ায় আমি সর্বদা কৃতজ্ঞ থাকব।
ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই তারকা ফুটবলার সম্প্রতি হাঁটুর ইনজুরি কাটিয়ে ওঠার পর আবারও উরুর চোটের কারণে পুনর্বাসনে রয়েছেন। চোটের এই জটিলতায় নতুন করে ক্লাব ক্যারিয়ার কোন দিকে মোড় নেয়, তা নিয়ে ফুটবল বিশ্বে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স