ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য ও রূপকথার মতো রোমাঞ্চকর রাতের অপেক্ষা! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা জাদুকর রোনালদিনহো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় সারির ক্লাব রাভেনার হয়ে মাঠে নামতে চলেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। আর গন্তব্য এক অদ্ভুত ও রোমাঞ্চকর ঠিকানা- ইতালিয়ান লিগের এক জমজমাট লোকাল ডার্বি!
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে নিজের শেষ পেশাদার ম্যাচ খেলার পর বুটজোড়া তুলে রেখেছিলেন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ও ব্যালন ডি’অর বিজয়ী এই মহাতারকা। তবে গত জুনে আচমকাই চমক দিয়ে রাভেনার সঙ্গে চুক্তি করেন এবং ক্লাবটির মালিকানার অংশীদারও হন তিনি।

কিন্তু দীর্ঘ এক দশক পেশাদার মাঠের বাইরে থাকায় দর্শকরা আদৌ তাকে সবুজ ঘাসে দেখতে পাবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। গত তিন সপ্তাহ আগে রাভেনা ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দেয়, রোববার ঘরের মাঠে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফরলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন রোনালদিনহো। আর শুক্রবার নিশ্চিত করলেন কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ মান্দোরলিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি শুরু থেকেই খেলবেন, এতে কোনো সন্দেহ নেই। এরপর আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নেব তিনি কতক্ষণ মাঠে থাকবেন। তিনি আধুনিক যুগের অন্যতম সেরা খেলোয়াড়। আর আমাদের ম্যাচ জিততেই হবে, আমরা সবসময় তিন ফরোয়ার্ড নিয়ে খেলি, রোনালদিনহো তাদেরই একজন হবেন।

গত আগস্টে রাভেনার ভক্তরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেও মাঠে নামার বিষয়ে কোনো নিশ্চিত বার্তা ছিল না। শুক্রবার বিকেলে ইতালি পৌঁছানোর পর শনিবার সতীর্থদের সঙ্গে মাত্র একটি অনুশীলনের সুযোগ পেয়েই সরাসরি মাঠে নামছেন তিনি। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে স্তাদিও ব্রুনো বেনেলিতে অতিরিক্ত একটি অস্থায়ী গ্যালারিও তৈরি করা হয়েছে।
এই ম্যাচটি হতে পারে রোনালদিনহোর ক্যারিয়ারের এক শেষ সোনালী অধ্যায়, যেখানে তিনি ছুঁয়ে ফেলতে পারেন পেশাদার ক্যারিয়ারের ৩০০ গোলের মাইলফলকও। ম্যাচটির আগে ইতালীয় সংবাদমাধ্যম ‘কোরিয়েরে দেল্লা সেরা’-কে দেওয়া সাক্ষাৎকারে নস্টালজিক হয়ে পড়েন এই জাদুকর।

তিনি স্মরণ করেন ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বরের সেই জাদুকরী ডার্বির কথা, যখন এসি মিলানের হয়ে ইন্টার মিলানের বিপক্ষে হেডে নিজের প্রথম ইতালিয়ান গোলটি করেছিলেন। স্মৃতির রোমন্থন করে তিনি বলেন, ইতালিতে আমার প্রথম গোলটি এসেছিল ডার্বিতেই, হেডে গোল করা আমার বিশেষত্ব নয়, কে জানে আবার তেমন কিছু করতে পারি কি না! ৪৬ বছর বয়সে পিচে ফিরে আসা আমার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত।
শুধু তাই নয়, রাভেনার সতীর্থ সিমোনে রাব্বি প্রেস কনফারেন্সে জানিয়েছেন, ম্যাচে যদি দল কোনো পেনাল্টি পায়, তবে নির্দ্বিধায় সেই স্পট কিক থেকে গোল করার দায়িত্ব নেবেন স্বয়ং রোনালদিনহোই! জাদুকরী সেই হাসি আর পায়ের পেন্টাগ্রাম ফ্রিকিফ কি আবারও মাতাবে ফুটবল বিশ্ব? সব উত্তরের অপেক্ষায় রোববার রাতের মহারণ।
তথ্যসূত্র: রয়টার্স
