বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল আলবিসেলেস্তাদের ওপর!
ফাইনালে ম্যাচ শেষের বাঁশি বাজতেই স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে এক রক্তক্ষয়ী হাতাহাতিতে জড়িয়ে পড়ার অপরাধে আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তাঁর সতীর্থ নাহুয়েল মোলিনাকে দেয়া হয়েছে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা।
মারামারি ও শাস্তির খতিয়ান: ম্যাচ শেষ হতেই স্পেনের বদলি বেঞ্চ যখন জয়ের আনন্দে মাঠে নেমে আসে, ঠিক তখনই গাভিকে ধাক্কা দিয়ে তাণ্ডব শুরু করেন পারেদেস। সহিংস আচরণের তিনটি অভিযোগে অভিযুক্ত পারেদেস ও দুটি অভিযোগে অভিযুক্ত মোলিনাকে নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি দুজনকে ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। হাতাহাতি ও অখেলোয়াড়সুলভ আচরণের হাত থেকে ছাড় পাননি অন্যরাও।
অখেলোয়াড়সুলভ আচরণের জন্য থিয়াগো আলমাডা ও গাভিকে ১ ম্যাচ করে নিষিদ্ধ এবং ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। আর আর্জেন্টিনার সহকারী কোচ আয়ালা নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা থেকে রেহাই পাননি।
শুধু ফুটবলারদের মারামারি নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও গুণতে হচ্ছে চড়া মাশুল! সেমিতে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ভেতর ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা ব্যানার উঁচিয়ে অরাজনৈতিক নীতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয় মেসিমুক্ত দলটি। সমর্থকদের বর্ণবাদী স্লোগান, দলের বিশৃঙ্খলা এবং রাজনৈতিক বার্তা প্রদর্শনের মতো একাধিক শৃঙ্খলা ভঙ্গের জন্য এএফএকে মোট ৩ লক্ষ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
পাশাপাশি, ফিফা নির্দেশ দিয়েছে আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচের একটিতে স্টেডিয়ামের মাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। জরিমানার অর্থ থেকে এক লক্ষ ডলার বৈষম্যবিরোধী কার্যক্রমে বিনিয়োগ করার নির্দেশ দিয়েছে ফিফা।
ফিফার এমন কঠোর শাস্তি মেনে নিতে পারছে না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এএফএ’র আইনি কর্মকর্তা আন্দ্রেস পাতন উরিচ বিষয়টি নিয়ে স্পোর্টস কোর্ট অফ আরবিট্রেশনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তাদের মূল লক্ষ্য পারেদেস ও মোলিনার দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা যতটা সম্ভব কমিয়ে আনা।
বিশ্বকাপ হাতছাড়ার পর এমন আইনি ধাক্কা যে আর্জেন্টাইন ফুটবলের জন্য এক চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না!
তথ্যসূত্র: রয়টার্স