ব্যালন ডি’অর নিজেরই প্রাপ্য মনে করেন ইয়ামাল

বছর ঘুরে আবারও হাতছানি দিচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে অভিজাত পুরস্কার ব্যালন ডি'অর। আর তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে কথার লড়াই! স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল খোলামেলাভাবেই বলে দিলেন এবারের ব্যালন ডি’অর জয়ের পুরোপুরি যোগ্য দাবিদার তিনি নিজে। তবে একই সাথে বিশ্বসেরার সিংহাসনে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপেকেই বেছে নিয়েছেন তিনি।

স্প্যানিশ স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'মোভিস্তার'-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইয়ামাল জানান, সত্যি বলতে আমি বিশ্বাস করি আমরা দুজনই এখন বিশ্বের সেরা। আর, এই বছর আমি যা যা জিতেছি, তার ভিত্তিতে ব্যালন ডি'অর আমারই প্রাপ্য। কোনো দ্বিধা না রেখে তিনি আরও যোগ করেন, আমার মতে, এমবাপে আর আমিই এখন বিশ্বের সেরা ফুটবলার। এটা আমার কাছে পরিষ্কার এবং যারা খেলা নিয়মিত দেখেন তারাও সেটা খুব ভালো করেই জানেন।

বার্সেলোনার হয়ে টানা দ্বিতীয়বার লা লিগা জয়ের পাশাপাশি ২০২৫-২৬ মৌসুমে লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার ঝুলিতে পুরেছেন ইয়ামাল। শুধু তা-ই নয়, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করতেও তার ভূমিকা ছিল অসামান্য। ওই আসরের সেমিফাইনালে এমবাপের ফ্রান্সকে হারিয়েই ফাইনালের টিকিট কেটেছিল ইয়ামালের স্পেন।

Lamine Yama 02
অন্যদিকে এমবাপেও কিন্তু পিছিয়ে থাকার পাত্র নন! ট্রফি না জিতলেও গত মৌসুমে বিশ্বকাপ, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ, সব প্রতিযোগিতাতেই শীর্ষ গোলদাতা ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। সম্প্রতি নিজেও দাবি করেছিলেন, গত মৌসুমে তাঁর চেয়ে ভালো পারফর্ম করার মতো খেলোয়াড় দ্বিতীয় কেউ ছিল না।

গত বছর উসমান দেম্বেলের পেছনে থেকে দ্বিতীয় স্থান পেয়েছিলেন ইয়ামাল। আর, এবার প্রতিযোগিতা আরও জমজমাট। কারণ পিএসজি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতায় তৎকালীন সতীর্থ দেম্বেলে মনে করেন, ট্রফিটি তাদের ক্লাবেই থাকা উচিত। এছাড়া বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনও এই দৌড়ে শক্ত অবস্থানে আছেন।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রদান করা হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সম্মাননা। এখন দেখার বিষয়, ইয়ামালের ট্রফির ঝুলি নাকি এমবাপ্পের গোলসংখ্যা, কার হাতে ওঠে বর্ষসেরার এই সোনার বল!

তথ্যসূত্র: আল জাজিরা