এআই দিয়ে কোচিংয়ের অভিযোগ উড়িয়ে দিলেন মোরেনো

বিশ্বকাপে ভরাডুবির পর চরম সংকটে থাকা দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ রবার্ট মোরেনো। সোমবার আয়োজিত নিজের প্রথম সংবাদ সম্মেলনেই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কোরিয়ান সমর্থকদের মুখে হাসি ফেরানোর। তবে, একই সাথে তাঁর বিরুদ্ধে ওঠা চ্যাটজিপিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কোচিংয়ের চাঞ্চল্যকর অভিযোগ কড়া ভাষায় অস্বীকার করেছেন সাবেক এই স্পেন কোচ।

রুশ ক্লাব সোচির দায়িত্বে থাকার সময় ফুটবলার সাইনিং থেকে শুরু করে একাদশ কিংবা ম্যাচের রণকৌশল সাজাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটজিপিটির ওপর নাকি চূড়ান্ত নির্ভর ছিলেন মোরেনো, এমন গুজবে ফুটবল বিশ্বে শোরগোল পড়ে গিয়েছিল।

Robert Moreno 03
তবে কোরিয়ার কোচ হিসেবে প্রথম দিনেই এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। ক্ষোভ জানিয়ে মোরেনো বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা একটি খবর, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছিল। হ্যাঁ, আমি প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু এই খবরটি প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে আমাকে হেয় করার জন্য ছড়ানো হয়েছিল।

গত জুনে উত্তর বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় দক্ষিণ কোরিয়া। এরপর তীব্র জনরোষের মুখে পদত্যাগ করেন কোচ হং মাইওং-বো। এমনকি হং-এর বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্প্রতি কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে পুলিশি অভিযান পর্যন্ত চালানো হয়!

একই সাথে বিদেশি রেফারিদের 'যৌন সুবিধা' দেয়ার মতো গুরুতর অভিযোগে তোপের মুখে থাকা কেএফএ আপাত বিপদ সামাল দিতে প্রথম স্প্যানিশ কোচ হিসেবে মোরেনোর হাতে দায়িত্ব তুলে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকটি প্রীতি ম্যাচে পারফর্ম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ২০২৭ সালের গোড়ায় সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপেও মোরেনোকে বহাল রাখা হতে পারে।

Robert Moreno 02
সেপ্টেম্বর ও অক্টোবরে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের বিপক্ষে চার প্রীতি ম্যাচের জন্য নিজের প্রথম দল ঘোষণা করেছেন মোরেনো। দলে যথারীতি জায়গা করে নিয়েছেন মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলা অধিনায়ক সোন হিউং-মিন, অ্যাটলেটিকো মাদ্রিদের লি ক্যাং-ইন এবং বায়ার্ন মিউনিখের কিম মিন-জায়ে।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক সোনকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তের কারণে সাবেক কোচ হং-এর ওপর ভক্তরা প্রচণ্ড ক্ষিপ্ত ছিলেন। সেই স্মৃতি মুছে দিয়ে মোরেনো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সোন একজন বহুমুখী খেলোয়াড় এবং আমার পরিকল্পনায় সে অন্তত তিনটি ভিন্ন পজিশনে খেলতে সক্ষম। মাঠ ও মাঠের বাইরের একের পর এক কেলেঙ্কারিতে জর্জরিত দক্ষিণ কোরীয় ফুটবলে স্প্যানিশ এই ‘হাই-টেক’ কোচের আবির্ভাব কতটা স্বস্তি ফেরায়, তা-ই এখন দেখার অপেক্ষা!

তথ্যসূত্র: আল জাজিরা