সালাহ-ঝড়ে চূর্ণ গালতাসারে, ট্রাবজোন্সপোরের বড় জয়

তুর্কি সুপার লিগে রাজকীয় অভিষেকে প্রতিপক্ষ ডিফেন্সকে তছনছ করে একাই ম্যাচ গুঁড়িয়ে দিলেন মিশরীয় মহাতারকা মোহাম্মদ সালাহ। সালাহর আগুনে হ্যাটট্রিক এবং আরও একটি দুর্দান্ত অ্যাসিস্টের ওপর ভর করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালতাসারেকে ৪-০ গোলের বড় ব্যবধানে ধুলো খাইয়েছে ট্রাবজোন্সপোর।

নতুন দল ট্রাবজোন্সপোরের জার্সিতে যোগ দেয়ার এক মাসের মধ্যেই নিজের জাত চিনিয়ে চ্যাম্পিয়নদের চলতি মৌসুমের প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দিলেন এই গতিদানব। ম্যাচের শুরু থেকেই গালতাসারের রক্ষণের ওপর স্টিমরোলার চালান সালাহ। খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় মিডফিল্ড থেকে একাই বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে প্রথম এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধের ৩৯ মিনিটে আবারও সালাহ-জাদু; এবার বক্সে থাকা নোয়াহ সাভিওলোকে দিয়ে দলের দ্বিতীয় গোলটি করান এই মিশরীয় ফরওয়ার্ড। এর মাত্র পাঁচ মিনিট পর, ৪৪ মিনিটে ফ্রাঙ্কুলিনো জু-এর পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে প্রথমার্ধেই ম্যাচ গালতাসারাইয়ের হাত থেকে ছিনিয়ে নেন সালাহ।

Mohamed Salah 02
বিরতির পর ৮০ মিনিটে পূর্ণ হয় তাঁর বর্ণাঢ্য হ্যাটট্রিক। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে প্রতিপক্ষের প্রায় অর্ধেক মাঠ দৌড়ে একক প্রচেষ্টায় ট্রেডমার্ক সাইড-ফুট শটে গালতাসারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। নতুন মৌসুমে লিগে মাত্র ছয় ম্যাচে অংশ নিয়ে ইতোমধ্যেই সাত গোল ও দুটি অ্যাসিস্টের মালিক বনে গেছেন এই সাবেক লিভারপুল তারকা।

সালাহর এই রুদ্রমূর্তি দেখে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গালতাসারে শিবির। ৭১ মিনিটে ডাগআউটে রেফারির সাথে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে গ্যালারিতে পাঠাতে হয় গালতাসারাই কোচ ওকান বুরুককে। আর ৮৭ মিনিটে দলের লেসলি উগোচুকউকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলে ১০ জনের দলে পরিণত হয় ইস্তাম্বুলের শক্তিশালী ক্লাবটি।

চলতি সপ্তাহে নতুন জার্মান কোচ টমাস রাইসের অধীনে দায়িত্ব নেওয়া ট্রাবজোন্সপোর এই বিশাল জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে, যা তাদেরকে শীর্ষস্থানে থাকা গালতাসারাইয়ের মাত্র ৩ পয়েন্টের দূরত্বে এনে দাঁড় করিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা