বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায় জানানোর কথা ভাবলেও শেষ পর্যন্ত সেই চিন্তা ধূলিসাৎ করে বিশ্ব ফুটবলে রাজত্ব চালিয়ে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তিনি।
শুধু খেলাই নয়, ক্যারিয়ারে হাজার গোলের মহাকাব্যিক মাইলফলক ছোঁয়ার মিশন সামনে রেখে এখনও মাঠে নামছেন তিনি, যা পূরণে প্রয়োজন ২১টি গোল! স্পোর্টিং লিসবনের ঐতিহাসিক জোসে আলভালাদে স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে নিন্দুকদের তীব্র সমালোচনা আর নিজেদের ভবিষ্যৎ নিয়ে অদম্য আত্মবিশ্বাসের রাজকীয় প্রদর্শনী করলেন সিআরসেভেন।
বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে পর্তুগাল বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার কথা চিন্তা করেছিলেন কি না, এমন প্রশ্নে রোনালদো সোজা জানান, চিন্তাশীল মানুষ হিসেবে তিনি ভবিষ্যৎ নিয়ে ভেবেছিলেন; কিন্তু পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো এবং নতুন কোচ হোর্হে জেসুসের সাথে আলোচনার পর তিনি বুঝতে পারেন, জাতীয় দলকে এখনও অনেক কিছু বাকি রয়েছে তাঁর।
নতুন প্রজন্মকে পথ দেখানোর পাশাপাশি মাঠে গোল করে ম্যাচ জেতানোই তাঁর মূল কাজ উল্লেখ করে রোনালদো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, 'যেদিন তারা বলবে জাতীয় দলে আমাকে চায় না, সেদিন আমি ব্যাগ গুছিয়ে প্রথম ব্যক্তি হিসেবে চলে যাব। তবে শুধু সংখ্যাগুলোর দিকে তাকান, হিসেব মিলালেই বুঝবেন আমি এখনও কতটা ভালো করছি!'
দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে সমালোচকদের তীর ছুঁড়াকে কড়া রসিকতায় তুচ্ছ করে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, আমি বুঝি কিছু টেলিভিশন চ্যানেল আমাকে নিয়ে বিষোদগার করতে পছন্দ করে। তারা আমাকে শটগান দিয়ে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল! কিন্তু আমি আজও সেখান থেকে ধূলিকণা ঝেড়ে উঠে দাঁড়িয়েছি। আমার আশপাশের মানুষ ও সমর্থকরা আমার প্রতি আস্থাশীল, তাই যারা ভালোবাসে তাদের দিকেই আমার নজর, সমালোচকদের নয়।
সদ্য সাবেক কোচ রবার্তো মার্তিনেজের স্থলাভিষিক্ত হওয়া হোর্হে জেসুসও পর্তুগালের প্রধান শিক্ষক হিসেবে অভিষেক ম্যাচের আগে শিষ্যের পাশে দাঁড়িয়ে বলেছেন, রোনালদো এ দেশের ফুটবলের একটি প্রতীক। সে খেলবে কি না সেই সিদ্ধান্ত নেবেন কোচ, সে নিজে নয়।
নিজের শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের আঙিনায় জাতীয় দলের জার্সিতে ফেরা রোনালদোর জন্য যেমন পরম আবেগের, ঠিক তেমনই আন্তর্জাতিক ফুটবলে তাঁর হাজারতম গোলটি করার স্বপ্ন এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে। নিজের ঝুলিতে আরও ২১টি গোল যোগ করার ইচ্ছা নিয়ে মুচকি হেসে রোনালদো যোগ করেন, যদি জাতীয় দলের ঐতিহাসিক জার্সিতে আমার সেই হাজারতম গোলটি আসে, তবে তা হবে গল্পের আসল সৌন্দর্য, যেন কেকের ওপর চেরি!
সিআর সেভেন আরও বলেন, আমি কোনো কিছু নিয়ে মাত্রাতিরিক্ত আবিষ্ট হতে চাই না, শুধু প্রতিটা মুহূর্ত ভালোবাসা আর আবেগ নিয়ে উপভোগ করতে চাই।' ট্রফি আর রেকর্ডের রাজা যেভাবে এখনও পর্তুগালের লাল-সবুজ পতাকার ভার কাঁধে নিয়ে ছুটছেন, তাতে বোঝাই যাচ্ছে, রাজার রাজত্ব শেষ করার ক্ষমতা অন্তত সমালোচকদের বুলেটে নেই!
তথ্যসূত্র: রয়টার্স-আল জাজিরা