মেসির জন্য সাজানো মঞ্চ, রোনালদোর ভাগ্যে শুধুই অপেক্ষা

একজন বিদায় নিচ্ছেন রূপকথার রাজপুত্রের মতো, অন্যজন আঁকড়ে আছেন স্মৃতির সিংহাসন


মাঠের সবুজ ঘাসে প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখা মহাকাব্যিক দ্বৈরথটি অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু দুই কিংবদন্তির বিদায়লগ্নের সুর একেবারেই ভিন্ন। ২০০৮ থেকে ২০২৩- এই ১৫ বছরের মধ্যে ১৩টি ব্যালন ডি'অর ভাগাভাগি করে নেওয়া দুই মহানায়ক আজ ক্যারিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন সম্পূর্ণ বিপরীত দুটি দরজায়।

লিওনেল মেসি যখন কোটি কোটি আর্জেন্টিনার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বীরের বেশে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো তার হারিয়ে যাওয়া সিংহাসন আর একাদশের জায়গা ফিরে পাওয়ার এক করুণ লড়াই চালিয়ে যাচ্ছেন।

Messi jersey 05
আর্জেন্টিনার জার্সিতে মেসি আর নতুন করে কিছু প্রমাণ করার প্রয়োজনবোধ করেন না। ৮টি ব্যালন ডি'অর, দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপের পরম কাঙ্ক্ষিত ট্রফি—আর্জেন্টাইন জাদুকর তার দেশের জন্য সবই এনে দিয়েছেন।

ইন্টার মায়ামিতে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন ইউরোপীয় ফুটবলের তীব্রতা না থাকায় মেসির ধার কমে যাবে। কিন্তু ২০২৬ বিশ্বকাপে স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠা এবং টুর্নামেন্টজুড়ে ৮টি গোল করে তিনি আবারও প্রমাণ করেছেন, বয়স কেবলই একটি সংখ্যা। চলতি গ্রীষ্মে বাবা হোর্হে মেসিকে হারানোর পর জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।

Messi Mess 01
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে আলবিদেলেস্তে আলবিদা জানাবেন মেসি। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ৮০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ৯০ মিনিটে!

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের প্রিয় অধিনায়কের জন্য বিশেষ জার্সি ও রাজকীয় উদযাপনের আয়োজন করছে। খবর রটেছে, খেলোয়াড়ি জীবন শেষে তিনি দলের টেকনিক্যাল স্টাফ হিসেবেও যুক্ত হতে পারেন। সংক্ষেপে বললে, মেসি মাঠ ছাড়ছেন একজন অপরাজিত সম্রাটের মতো, যার মাথায় জ্বলজ্বল করছে বিশ্বজয়ের মুকুট।

Ronaldo 1
ঠিক উল্টো চিত্র পর্তুগাল শিবিরে। মেসির চেয়ে দুই বছরের বড় রোনালদো যেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টিকে কিছুতেই শেষ হতে দিতে চান না। কিন্তু বাস্তবতা এবং কোচ হোর্হে জেসুসের রণকৌশল তার সাথে একেবারেই মেলেনি।

পর্তুগালের হয়ে একাদশে তার জায়গা এখন আর নিশ্চিত নয়। সম্প্রতি নরওয়ের বিরুদ্ধে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে পুরো সময় বেঞ্চেই বসে কাটাতে হয়েছে এই মহাতারকাকে। একসময় পর্তুগাল দলের প্রথম নামটি যিনি লিখতেন, তাকে এভাবে পুরো ৯৯ মিনিট দর্শক বানিয়ে রাখাটা তিনি সহ্য করতে পারেননি। বাঁশি বাজার সাথে সাথেই সতীর্থদের জয় উদযাপনে শরিক না হয়ে, ভক্তদের অভিবাদন না জানিয়ে তিনি গজ গজ করতে করতে ড্রেসিংরুমে হেঁটে যান।

Cristiano Ronaldo 02
আল-নাসরের সাবেক গুরু এবং বর্তমান পর্তুগাল কোচ হোর্হে জেসুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোনালদোর অতীত অর্জন নয়, মাঠে বর্তমান পারফরম্যান্স দেখেই একাদশ গড়া হবে। অধিনায়কের এমন আচরণে ক্ষুব্ধ কোচ তার সাথে আলাদা করে কথা বলার কথা জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন এই বছরটিই হয়তো ফুটবলে তার শেষ, কিন্তু মাঠের চিত্র বলছে তিনি এখনো জাতীয় দলের মোহ কাটাতে পারছেন না।

ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথের শেষ দৃশ্যটি তাই বড্ড বৈচিত্র্যময়। একজন বিশ্বজয় করে সব অর্জনের চূড়ায় বসে ভক্তদের ভালোবাসার সাগরে ভাসতে ভাসতে বিদায় নিচ্ছেন। অন্যজন নিজের মহিমান্বিত অতীতকে আঁকড়ে ধরে রিজার্ভ বেঞ্চের এক কোণে বসে এখনো প্রমাণ করতে চাইছেন- ‘আমার গল্প এখনো শেষ হয়নি!’

তথ্যসূত্র: গোল ডটকম