দীর্ঘদিন ধরে ফর্মের তুঙ্গে থাকা ফিল ফোডেন কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন! মাঠের ভেতরে-বাইরে চড়াই-উতরাই, অফ-ফর্ম আর মানসিক অবসাদের সঙ্গে লড়াই করতে করতে তিনি যেন নিজের ছায়া হয়ে উঠেছিলেন। তবে, সব মেঘ কেটে অবশেষে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় যেন দেখা মিললো সেই পুরনো, চেনা এবং দুর্দান্ত ফোডেনের!
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের রাতে গ্রিক ক্লাব এইকে অ্যাথেন্সকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর এই রাজকীয় জয়ের নায়ক আর কেউ নন- স্বয়ং ২৫ বছর বয়সী ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার ফিল ফোডেন। করেছেন এক দুর্দান্ত হ্যাটট্রিক! এর মাধ্যমে তিনি যেন প্রমান করে দিলেন, তার সেই দীর্ঘ দুই বছরের অন্ধকার অধ্যায় ও ফর্মের খরা অবশেষে শেষ হতে চলেছে।
গত ১০ মাস ধরে সিটির হয়ে একপ্রকার নিঃশব্দ ছিলেন ফোডেন। পেপ গার্দিওলার দল থেকে বাদ পড়া, মাঝপথে ম্যানচেস্টার ডার্বিতে লাল কার্ড দেখে মাঠ ছাড়া, সব মিলিয়ে তার সময়টা মোটেই ভালো যাচ্ছিল না। এমনকি কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে ইংল্যান্ড দল থেকেও তিনি বাদ পড়েছিলেন, যা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা।
তবে সিটির নতুন বস এঞ্জো মারেস্কার অধীনে সুযোগ পেয়েই তা দুই হাতে লুফে নিলেন ফোডেন। এরলিং হালান্ডের চোট আর সেমেনিয়োর দীর্ঘমেয়াদী ইনজুরির সুযোগে শুরুর দিকে উইংয়ে খেললেও, পরে ‘ফলস নাইন’ পজিশনে গিয়ে অ্যাথেন্সের রক্ষণভাগকে একেবারে তছনছ করে দেন তিনি।
ফোডেনের এমন জাদুকরী প্রত্যাবর্তনে যারপরনাই উচ্ছ্বসিত কোচ মারেস্কা। ম্যাচ শেষে হাসিমুখে তিনি জানান, ফোডেনের ভালো ফর্মে ফেরা আমাদের জন্য দারুণ খবর। সে যে একজন সেরা মাপের খেলোয়াড়, তা সবাই জানে। আমি তার জন্য যেমন খুশি, তেমনি দলের জন্যও রোমাঞ্চিত, কারণ আমাদের হাতে এখন আরও একটা বিধ্বংসী অস্ত্র চলে এল!
ফোডেনের এই চোখধাঁধানো হ্যাটট্রিক নিশ্চিতভাবেই ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুচেলের নজর কেড়েছে, যিনি আগামী নভেম্বরে ক্রোয়েশিয়া ও স্পেনের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচের জন্য দল গুছিয়ে নিচ্ছেন। তবে এবার দেখার বিষয়, ফোডেন কি তার এই আগুনে ফর্ম ধরে রেখে মারেস্কা ও টুখেল, দুই কোচেরই শতভাগ আস্থা ফেরাতে পারবেন? নাকি এটি শুধুই এক রাতের ঝলক ছিল? উত্তরটা সময়ই বলে দেবে, তবে ইতিহাদের বাতাস কিন্তু ফোডেনের জয়গানেই মুখরিত!