ফুটবল বিশ্বের সব বিস্ময় আর জাদুকরী ড্রিবলিংয়ের বরপুত্র রোনালদিনহো আবার পেশাদার ফুটবলে বল পায়ে দৌড়াতে মাঠে নামছেন! ৪৬ বছর বয়সে বুট জোড়া আবার পায়ে গলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে নামার ঘোষণা দিয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে মাঠে নামবেন সাবেক এই বার্সেলোনা ও এসি মিলান তারকা। শুক্রবার রাভেনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় এবং ২০০৫ সালে ব্যালন ডি'অর জেতা এই মহাতারকাকে সবশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। এরপর ২০১৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে খেলা ছাড়লেও ফুটবলের প্রতি তাঁর চিরন্তন ভালোবাসা আর রোমাঞ্চ একটুও কমেনি।
চলতি বছরের জুনে রাভেনা ক্লাবে চুক্তি সই করার পর জানা যায়, তিনি কেবল খেলোয়াড় হিসেবেই আসেননি, বরং বন্ধু ইগনাজিও সিপ্রিয়ানির মালিকানাধীন এই ক্লাবের শেয়ার কিনে সহ-মালিকও হয়েছেন। ক্লাবের মালিক সিপ্রিয়ানি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পুরো শহরকে ক্লাবের কাছাকাছি টানতেই রোনালদিনহোর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডকে দলে নিয়ে আসা হয়েছে।
গত আগস্টে ইতালিতে পা রাখার পর প্রথম দিকে রোনালদিনহো নিজে খেলার বিষয়টি নিশ্চিত করতে কিছুটা ইতস্তত করলেও, নিজের পেশাদার ক্যারিয়ারের ৩০০তম গোলটি করার লোভনীয় সম্ভাবনার দুয়ার খোলা রেখেছিলেন। সে সময় মুচকি হেসে সাম্বা জাদুকর শুধু বলেছিলেন, আমি এখানে দলকে সাহায্য করতেই এসেছি। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে আগামী মাসে।
রাভেনার নিজস্ব মাঠ স্টাদিও ব্রুনো বেনোলিতে ঐতিহ্যবাহী ‘ডার্বি’ ম্যাচে ফোরলির মুখোমুখি হয়ে মাঠে নামবেন রোনালদিনহো। বর্তমানে ইতালিযান ক্লাব ফুটবলের তৃতীয় শ্রেণীর এই দলটি ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাভেনা, যা শীর্ষ স্থানে থাকা স্পেজিয়া থেকে আট পয়েন্টে পিছিয়ে। এখন দেখার বিষয়, ৪৬ বছর বয়সে সেই পুরনো জাদুকরী হাসি আর বলের ওপর চেনা নিয়ন্ত্রণ নিয়ে ভক্তদের কতটা মাতাতে পারেন এই সাম্বা লেজেন্ড!
তথ্যসূত্র: রয়টার্স