সাত জানুয়ারি রিয়াদে পর্দা উঠছে এশিয়ান কাপ ফুটবলের

২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক মহাযজ্ঞের ঠিক সাত বছর আগেই নিজেদের ফুটবল ক্ষমতার বড় প্রদর্শনীতে নামছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪ দেশের এশিয়ান কাপের পর্দা উঠবে স্বাগতিক সৌদি আরব ও ফিলিস্তিনের হাইভোল্টেজ উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে। সোমবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি ও ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ঘোষিত সূচি অনুযায়ী, এশিয়ার শ্রেষ্ঠত্বের এই মেগা টুর্নামেন্টটি ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং শিরোপা নির্ধারণী মেগা ফাইনাল দুটিই অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদের ঐতিহ্যবাহী ‘কিং ফাহাদ স্পোর্টস সিটি’ স্টেডিয়ামে। পুরো টুর্নামেন্টে ৩টি শহরের ৮টি আধুনিক স্টেডিয়ামে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেবল রিয়াদেই থাকছে ৫টি ভেন্যু, জেদ্দায় ২টি এবং আল খবারে ১টি ভেন্যু।

তবে টুর্নামেন্টটিকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কিছুটা শঙ্কার মেঘও উড়ছে। এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটলে কিংবা প্রয়োজন দেখা দিলে টুর্নামেন্টটি ২০২৮ সাল পর্যন্ত স্থগিত করার পথ খোলা রাখা হয়েছে। তবে আপাতত ঘোষিত সূচি নিয়েই এগোচ্ছে আয়োজকরা।

টুর্নামেন্টের অন্যান্য পরাশক্তিদের লড়াইয়ের দিকে নজর দিলে দেখা যায়, বর্তমান চ্যাম্পিয়ন কাতার তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ১১ জানুয়ারি থাইল্যান্ডের বিরুদ্ধে। একই দিনে উদীয়মান ফুটবলের পরাশক্তি জাপান মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। অন্যান্য উদ্বোধনী লড়াইয়ে দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে ইয়েমেনের, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ সিঙ্গাপুর এবং ইরান লড়বে চীনের বিরুদ্ধে।

গ্রুপ পর্বের রোমাঞ্চকর লড়াই শেষ হবে ২০ জানুয়ারি এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে শ্বাসরুদ্ধকর নকআউট পর্ব। প্রথমবারের মতো এশিয়ান কাপ এককভাবে আয়োজন করতে যাওয়া সৌদি আরবের জন্য এই টুর্নামেন্ট কেবল ট্রফি জয়ের লড়াই নয়, বরং ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা বিশ্বমঞ্চে প্রমাণ করার এক রাজকীয় মঞ্চও বটে!