বায়ার্নেই থাকছেন ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন

গত সপ্তাহেই ইংলিশ ফুটবলের ২৩ বছরের খরা কাটিয়ে জিতেছেন ফুটবলের সর্বোচ্চ সম্মান ‘ব্যালনে ডি'অর’। আর সেই সাফল্য উদযাপনের পরপরই ভক্তদের আরেক বড় সুখবর দিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। জার্মানির পরাশক্তি ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ৩৩ বছর বয়সী এই প্রাণঘাতী স্ট্রাইকার। বৃহস্পতিবার, এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাভারিয়ান ক্লাবটি কেইনের সঙ্গে চুক্তি নবায়নের খবরটি নিশ্চিত করেছে।

২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই জার্মানি মাতিয়ে রাখছেন কেইন। বায়ার্নের জার্সিতে ১৬১ ম্যাচে অলরেডি হাঁকিয়ে বসেছেন ১৫৬টি গোল! তাঁর এই দুর্দান্ত পারফর্ম্যান্সে ভর করে ক্লাবের ক্যাবিনেটে ঢুকেছে দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ এবং দুটি জার্মান সুপার কাপ। চলতি ২০২৬ সালে জার্মানির বর্ষসেরা ফুটবলার হওয়া কেইন জিতেছেন দুটি ইউরোপীয় গোল্ডেন শু-ও। এ বছর ইংল্যান্ডকে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সদ্য জিতেছেন ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ হিসেবে স্বপ্নের ব্যালনে ডি'অর।

ইংলিশ ফুটবলে অ্যালান শিয়ারারের ঐতিহাসিক ২৬০ গোলের রেকর্ড ভাঙতে কেইনের প্রয়োজন আর মাত্র ৪৭ গোল। ফলে গুঞ্জন ছিল, রেকর্ডটি ছুঁতে চড়া দামে কোনো ইংলিশ ক্লাবেই হয়তো ফিরবেন তিনি। তবে সব গুঞ্জনে জল ঢেলে গত আগস্টেই কেইন জানিয়েছিলেন, প্রিমিয়ার লিগ তাঁকে আর অতটা টানে না।

চুক্তি নবায়ন করে কেইন আনন্দের সঙ্গে বলেন, বাভারিয়ান ক্লাবে আমি একেবারেই ঘরের মতো অনুভব করি। ক্লাব, সমর্থক এবং মিউনিখ শহরটাকে আমি ভালোবাসি। ভিনসেন্ট কোম্পানির মতো আমাদের দারুণ একজন ম্যানেজার ও চমৎকার টিম আছে। আমার পুরো পরিবার এখানে খুব সুখে আছে। আমি এই ক্লাবে নতুন নতুন অনেক শিরোপা জিততে মুখিয়ে আছি।

আর্থিক শর্তাবলী আনুষ্ঠানিকভাবে গোপন রাখলেও জার্মান সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই চুক্তিটি বায়ার্ন মিউনিখের ফুটবল ইতিহাসে সবচেয়ে লাভজনক ও সর্বোচ্চ বেতনের চুক্তি।

ক্লাবের সিইও জান-ক্রিশ্চিয়ান ড্রিসেন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ২০২৩ সালে যোগ দেওয়ার পর থেকে গোল, মাঠের প্রভাব এবং ব্যক্তিত্ব- সবকিছুতেই কেইন অসাধারণ নজির গড়েছেন। তাঁর এই চুক্তি নবায়ন প্রমাণ করে, বায়ার্ন ও কেইনের এই রঙিন গল্পের মূল অধ্যায় এখনো অনেক বাকি!

তথ্যসূত্র: রয়টার্স