ইরানি ফুটবল দলের বিমান নামতে দিলো না ইরাক!

আন্তর্জাতিক রাজনীতির উত্তাপ এবার সোজা এসে পড়ল সবুজ ঘাসের ফুটবল মাঠে! মার্কিন নিষেধাজ্ঞার কঠোর গ্যাঁড়াকলে পড়ে ইরাকে পা-ই রাখতে পারল না ইরানের জাতীয় ফুটবল দল। মঙ্গলবার চার দেশীয় আসরে অংশ নিতে উড়াল দিলেও মাঝআকাশ থেকেই ঘুরিয়ে দেয়া হয় ইরানি ফুটবলারদের বহনকারী বিমানটি।

ইরাকের বসরা বিমানবন্দরে নামার কথা থাকলেও শেষ মুহূর্তে ইরাকি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানটি অবতরণের অনুমতি দেয়নি। ফলে অগত্যা বিমান ঘুরিয়ে ইরানের আবাদান বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন ফুটবলাররা। সেখানে বসরার ইরানি কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, বিমান আকাশে ওড়াতে না পারলেও টুর্নামেন্ট হাতছাড়া করতে নারাজ দলটি; তাই এবার সীমান্ত পেরিয়ে সড়কপথেই বাস চেপে বসরায় পৌঁছানোর কসরত করছেন মেহদি তারেমি-সরদার আজমুনরা!

Iran Football 01
ইরাক, লেবানন ও ফিলিস্তিনের সঙ্গে একটি চার দেশীয় প্রীতি টুর্নামেন্টে অংশ নিতে বসরায় যাচ্ছিল ইরান দল। কিন্তু মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয়ে ইরাক সরকার কোনো ঝুঁকি নিতে চায়নি। মূলত ইরানি বিমানসংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার পরেই ইরাক এই পদক্ষেপ নেয়।

ওয়াশিংটন জানিয়েছে, যে সব গ্লোবাল কোম্পানি বা বিমানবন্দর নিষেধাজ্ঞা পাওয়া ইরানি এয়ারলাইন্সকে পরিষেবা দেবে, তাদের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র সেকেন্ডারি নিষেধাজ্ঞা চাপাবে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ইরানি বিমানকে পরিষেবা দিলে মার্কিন ডলার সিস্টেম থেকেই সেই বিমানবন্দরগুলোকে ছেঁটে ফেলা হতে পারে। সেই আতঙ্কেই গত সেপ্টেম্বরের পর বাগদাদ ও বসরায় ইরানি বিমানের ডানা ছাঁটার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ইরাক।

রাজনীতির খেলায় মাঠের বল এবার আটকে গেল আকাশে! মার্কিন নিষেধাজ্ঞার বিষাক্ত প্রভাব কীভাবে খেলার ময়দানকেও বিষিয়ে তুলছে, মেহদিদের এই 'আকাশ থেকে রাস্তায়' নেমে আসার ঘটনাটি যেন তারই এক জলজ্যান্ত প্রমাণ।

তথ্যসূত্র: রয়টার্স