মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে গড়তে আশাবাদী স্কালোনি

গত দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার ফুটবলে একটা অলিখিত নিশ্চয়তা ছিলো, মাঠে যতই বিপদ আসুক, লিওনেল মেসি আছেন! কিন্তু শুক্রবার সেই চেনা বাস্তবতা বদলে গেলো। ইন্টার মায়ামির এই মহাতারকাকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেল বিশ্বচ্যাম্পিয়নরা। মেসি-পরবর্তী যুগের শুরুটা হলো এক রূঢ় ধাক্কা দিয়ে।

ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়ামের পরিবেশে কেমন যেন একটা শূন্যতা ভর করেছিলো। মেসি খেলছেন, এমন ম্যাচে গ্যালারিতে তিল ধারণের ঠাঁই থাকে না, টিকিট হয়ে ওঠে সোনার হরিণ। অথচ শুক্রবার দেখা গেল উল্টো চিত্র; স্টেডিয়ামের অনেক আসনই ছিল ফাঁকা। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির অবসরের ক্ষতটা ভক্তদের মনে এখনো যে কতটা দগদগে, ফাঁকা গ্যালারিই যেন তার নীরব সাক্ষী। অবশ্য যাঁরা মাঠে এসেছিলেন, তাঁদের বেশিরভাগের গায়েই ছিল প্রিয় নায়কের সেই আইকনিক ১০ নম্বর জার্সি।

Argentina Lost 01
গ্যালারিতে ১০ নম্বর জার্সির ছড়াছড়ি থাকলেও মাঠের লড়াইয়ে আর্জেন্টিনার কোনো ফুটবলারের পিঠেই দেখা যায়নি এই ঐতিহাসিক নম্বরটি। চলতি সপ্তাহেই ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা কোচ লিওনেল স্কালোনি ইচ্ছে করেই কাউকে এই জার্সি দেননি। তাঁর সোজাসাপ্টা ব্যাখ্যা, এই জার্সির যোগ্য উত্তরসূরি তিনি এখনো খুঁজে পাননি, আর যেহেতু এটি বাধ্যতামূলক নয়, তাই আপাতত জার্সিটি খালিই রাখতে চান তিনি। মেসির রেখে যাওয়া বিশাল শূন্যতা পূরণের ভার এখনই কারো কাঁধে চাপিয়ে দিতে নারাজ মাস্টারমাইন্ড স্কালোনি।

হার দিয়ে নতুন অধ্যায় শুরু হলেও এখনই ভেঙে পড়ছেন না আর্জেন্টাইন কোচ। ম্যাচ শেষে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠেই স্কালোনি বললেন, লিও মেসিকে ছাড়াই আমাদের দলটাকে নতুন করে গড়তে হবে। এই হার কাটিয়ে ওঠার মতো যথেষ্ট প্রতিভা আমাদের আছে। ফলাফলের চেয়ে দলের খেলার ধরন নিয়েই বেশি ভাবছেন তিনি। তাঁর মতে, ফলাফল যাই হোক, ম্যাচটা ভালো ছিল; বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছি। এখান থেকে অনেক কিছু বিশ্লেষণ করার আছে। আমরা জানতাম কাজটা কঠিন হবে, এখন আমাদের পরিশ্রম চালিয়ে যেতে হবে।

Argentina Lost 02
কোচের সুরে সুর মিলিয়েছেন তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও। নতুন যুগের চ্যালেঞ্জ মেনে নিয়ে তিনি বলেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা জিততে চেয়েছিলাম। ফলাফলের বাইরেও আমরা বেশ কিছু ভালো কাজ করেছি। উন্নতির জায়গা তো সবসময়ই থাকে। কোচ যা চেয়েছেন, আমরা তার কিছুটা বাস্তবায়ন করতে পেরেছি। সামনে আরও একটি ম্যাচ আছে। অনেক তরুণ খেলোয়াড় নিয়ে এটি এক নতুন যুগ। অগ্রজরা যে ঐতিহ্য রেখে গেছেন, তা ধরে রাখতে আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে।

মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম পরীক্ষাটা সুখকর হলো না ঠিকই, তবে স্কালোনির চোখেমুখে নেই কোনো আতঙ্কের ছাপ। এখন দেখার বিষয়, ১০ নম্বর জার্সির ভার ছাড়াই তরুণ এই আর্জেন্টিনা কত দ্রুত নিজেদের ছন্দ খুঁজে পায়!

তথ্যসূত্র: ইএসপিএন