২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লিওনেল স্কালোনি। নতুন চুক্তিতে সম্মত হয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ। এর মধ্য দিয়ে প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনাকে টানা তিনটি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের শেষ দিকে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তির মাধ্যমে ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

তিনি বলেন, ‘২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে গ্রিঙ্গো লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফের চুক্তি নবায়নের ঘোষণা দিচ্ছি। এটি এএফএর নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি সব আর্জেন্টাইন নাগরিকের জন্য আনন্দের মুহূর্ত।’

তাপিয়া আরও বলেন, ‘প্রাথমিক আট বছরের দায়িত্বের সঙ্গে নতুন চার বছরের চুক্তি যুক্ত হওয়ায় স্কালোনি এই সংস্থার অধীনে সবচেয়ে বেশি বিশ্বকাপে দায়িত্ব পালন করা কোচ হবেন। তিনটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার ওপর থাকবে।’

২০১৮ সালে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব নেন স্কালোনি। তার অধীনে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এ ছাড়া দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা শিরোপাও জিতেছে দলটি। তবে চলতি বছরের বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যায় তারা।

বিশ্বকাপের ফাইনালে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন স্কালোনি। আট বছরের দায়িত্বের সময়কাল মূল্যায়নের জন্য সময় চেয়েছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনে দেপোর্তিভো, লাজিও ও ওয়েস্ট হ্যামের হয়ে খেলেছেন স্কালোনি। প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়াই ছিল তার প্রথম অভিজ্ঞতা। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি।

চুক্তি নবায়নের পর স্কালোনি বলেন, ‘এটি সম্ভব করার জন্য সভাপতি ও এএফএর সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দিত। ব্যক্তিগতভাবে এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও এই সিদ্ধান্ত আমাকে পরিপূর্ণতার অনুভূতি দিচ্ছে।’

গত মাসে ৭৪ বছর বয়সে তার মা মারা যান। ব্যক্তিগত শোকের মধ্যেও নতুন দায়িত্ব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

১০৭ ম্যাচে স্কালোনির অধীনে আর্জেন্টিনা জিতেছে ৭৯টি, ড্র করেছে ১৮টি এবং হেরেছে মাত্র ১০টিতে। এই সময়ে দলটি ২৩১টি গোল করেছে, বিপরীতে হজম করেছে ৫৭টি। এ ছাড়া ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্বও রয়েছে তাঁর দলের।

পরবর্তী বিশ্বকাপের আয়োজক দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল ও মরক্কো।

তবে স্কালোনির নতুন অধ্যায় শুরু হবে লিওনেল মেসিকে ছাড়াই। বিশ্বকাপের পর এ বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা।

স্কালোনি জানান, এখন দলের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ সময় শুরু হচ্ছে। তরুণ খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ দেওয়া হবে। তবে তাদের নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

স্কালোনির মতে, তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তবে মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দির মতো খেলোয়াড়েরা যে অবদান রেখেছেন, তা দেওয়ার জন্য তারা এখনো পুরোপুরি প্রস্তুত না-ও হতে পারে।

মিডফিল্ডার নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও ভ্যালেন্তিন বারকো এবং আক্রমণভাগের মাতিয়াস সোল ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে উরুগুয়ে এবং কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। স্কালোনি নিশ্চিত করেছেন, এই দুই ম্যাচে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হবে না।

সূত্র: ইএসপিএন

একাত্তর/কেআই
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
সারা দেশে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া...
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকা ও সারা দেশের নদীগুলোর সৌন্দর্য ও পরিবেশ ফিরিয়ে আনতে সরকার নানা...
পেট্রোল বোমায় পুড়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় দল।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর