হারে জন্য কাউকে কাঠগড়ায় তুলতে নারাজ হামজা

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জাতীয় স্টেডিয়ামের ঘাসেই মুখ ঢেকে বসে পড়েছিলেন। এরপর ড্রেসিংরুম পেরিয়ে যখন মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হলেন, বাংলাদেশ দলের পোস্টার বয় হামজা চৌধুরীর চোখেমুখে তখনো রাজ্যের অবিশ্বাস।

পুরো ম্যাচে সমানতালে লড়ে, গোলের দারুণ সব সুযোগ তৈরি করেও ডিফেন্সের শেষ মুহূর্তের এক ভুলে স্বপ্নভঙ্গ- ফুটবলের এই বড্ড নিষ্ঠুর রূপটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। তবে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলের এই হৃদয়ভাঙা হারের পরও দলের কোনো সতীর্থের ওপর এক ফোঁটাও ক্ষোভ ঝাড়লেন না হামজা।

ম্যাচের ৮৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের মারাত্মক এক ভুলে পাকিস্তানের আবদুল সামাদ বল জালে জড়ালে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে কোচ টমাস ডুলি যেমন তরুণ গোলরক্ষক শ্রাবণকে আগলে রেখেছিলেন, মিক্সড জোনে হামজার কণ্ঠেও শোনা গেল ঠিক একই সুর।

নিজের বুকচাপা হতাশা লুকিয়ে হামজা বলেন, আমরা কাউকে দোষ দিতে পারব না। মনে হয় ওরা (পাকিস্তান) বিরতির সময় খেলার পরিকল্পনা বদলেছিলো। তারপরও ওরা মোটে একটা সুযোগ তৈরি করেছে, আর আমরা দুটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি... এটাই তো ফুটবল, তাই না? এক সুযোগ পেয়েই ওরা গোল বের করে নিল।

হামজার এই কথাতেই স্পষ্ট হয়ে ওঠে পুরো ম্যাচের আসল চিত্র। ম্যাচের প্রথমার্ধেই দারুণ এক আক্রমণ শাণিয়েছিল বাংলাদেশ। ২৩ মিনিটে শমিত সোমের হেড থেকে বক্সের ভেতরে একেবারে ফাঁকায় সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। কিন্তু তাঁর বাঁ পায়ের দুর্বল শট ফিরিয়ে দেন পাকিস্তানের অভিজ্ঞ গোলরক্ষক ইউসুফ বাট।

৪২ মিনিটে জিদান ইউসুফের পাসে ফের গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন শুকি ইতোফুসাও। অন্যদিকে, পুরো ম্যাচে বাংলাদেশের প্রাণভোমরা হামজা চৌধুরীকে এক মুহূর্তের জন্যও খোলা জায়গায় বল পায়ে দাঁড়াতে দেয়নি পাকিস্তান। ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচ নলবার্তো সোলানোও অকপটে স্বীকার করেছেন, হামজাকে বোতলবন্দী করে রাখাই ছিল তাদের ম্যাচ প্ল্যানের সবচেয়ে বড় কৌশল।

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে অ্যাকিলিস টেন্ডনের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বিশ্বস্ত ডিফেন্ডার সাদ উদ্দিনের অভাবও হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। রক্ষণে সাদের বদলে মাঠে নামা রহমত মিয়া চেষ্টা করলেও রক্ষণভাগে বেশ কিছু ফাঁকফোকর থেকে গিয়েছিল।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, সাদ উদ্দিনকে কি খুব মিস করেছে দল? প্রশ্নের উত্তরে হামজার ছোট্ট অথচ না বলা অনেক না পাওয়ার বেদনা লুকিয়ে থাকা জবাব ছিল, ‘সাদ উদ্দিনকে আমরা সব সময়ই মিস করি। সব মিলিয়ে, বুকভরা আশা নিয়ে মাঠে নামা লাল-সবুজের দলটির জন্য এই বিদায় এক দীর্ঘ দীর্ঘশ্বাসের নাম হয়েই রইল।