ভিনির প্রাক্তনের সঙ্গে প্রেমে মজেছেন নেইমার!

মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের জীবন নিয়েই যেন সবসময় বেশি আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এবার জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়াস সাবেক প্রেমিকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তার প্রেমের গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছে ব্রাজিলের মিডিয়া।

তবে এমন মুখরোচক খবরকে শুধুই ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছেন বর্তমান সান্তোস তারকা। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক বাড়াবাড়ি না করার জন্য কড়া আহ্বান জানিয়েছেন তিনি।

Neymar 03
এই গুঞ্জনের সূত্রপাত ঘটে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম মেত্রোপোলেসের সাংবাদিক ফাবিয়া অলিভেইরার একটি প্রতিবেদন প্রকাশের পর। সেখানে দাবি করা হয়, গত ৬ নভেম্বর সাও পাওলোর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন নেইমার ও ভার্জিনিয়া।

ওই পার্টিতে সোফায় বসে থাকা নেইমারের পাশে ভার্জিনিয়াকে নাচতে দেখা গেছে, এমন তথ্যের ওপর ভিত্তি করেই দুজনের নতুন সম্পর্কের ডালপালা মেলতে শুরু করে।

খবরটি ছড়িয়ে পড়ার পরপরই নেইমার এবং ভার্জিনিয়া, দুজনার প্রতিনিধি দলই আলাদা বিবৃতি দিয়ে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে। নেইমারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, প্রকাশিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। অন্যদিকে ভার্জিনিয়ার প্রতিনিধিরাও ক্ষোভ প্রকাশ করে জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে নিছক অনুমাননির্ভর গল্পকে সত্য হিসেবে প্রচার করা হচ্ছে।

Neymar 02
প্রতিনিধিদের আনুষ্ঠানিক বিবৃতির কয়েক ঘণ্টা পর বিষয়টির ইতি টানতে নিজেই সামাজিক মাধ্যমে সরব হন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সাধারণত স্টোরির মাধ্যমে এ ধরনের বিষয় নিয়ে আমি কথা বলি না। কিন্তু এবার সবকিছু বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে।

প্রেমের গুজব সরাসরি নাকচ করে দিয়ে নেইমার আরও লেখেন, একজন অন্য ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক রয়েছে বলে একটি খবর ছড়ানো হচ্ছে। আমি বিষয়টি পুরোপুরি অস্বীকার করছি! আমার দল ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে। তবে বিষয়টির চূড়ান্ত ইতি টানতে ব্যক্তিগতভাবে আমারও কথা বলা প্রয়োজন ছিল।" পোস্টের একদম শেষে নিজের চরম বিরক্তি প্রকাশ করে ফুটবল ও কার্ডপ্রেমী এই তারকা লেখেন, "এবার আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।

উল্লেখ্য, ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়া জুনিয়র ও ভার্জিনিয়া ফনসেকার সম্পর্ক নিয়েও কম নাটকীয়তা হয়নি। প্রথমবার বিচ্ছেদের দুই মাস পর গত জুলাইয়ে আবারও সম্পর্কে জড়িয়েছিলেন তারা। তবে সবশেষ বিচ্ছেদের সময় ভার্জিনিয়ার প্রতিনিধিরা জানিয়েছিলেন, দুজনের পারস্পরিক সম্মতিতেই সম্পর্কের ইতি টেনেছেন এই জুটি। আর সেই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই এবার নেইমারের নাম জড়ানোয় নতুন করে বিতর্কের জন্ম হলো।