নেশন্স লিগের কোয়ার্টারে স্পেন-ফ্রান্স লড়াই, বাকিদের প্রতিপক্ষ কারা?

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। আজ শুক্রবারের ড্র নির্ধারণ করে দিয়েছে শেষ আটের এই হাইভোল্টেজ লড়াই। ফলে শিরোপার অন্যতম দুই দাবিদারের যেকোনো এক দলের যাত্রা থামছে কোয়ার্টারেই। অন্য তিন কোয়ার্টার ফাইনালে লড়বে পর্তুগাল-নেদারল্যান্ডস, ইংল্যান্ড-নরওয়ে এবং জার্মানি-বেলজিয়াম।

সাম্প্রতিক সময়ে স্পেনের বিপক্ষে পরিসংখ্যান মোটেও পক্ষে নেই ফ্রান্সের। গত জুলাইয়ে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্প্যানিশদের কাছে ২-০ গোলে হেরেছিল ফরাসিরা। সেই জয়ের পর আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বশিরোপা জেতে লামিনে ইয়ামালের স্পেন। এর আগে গত বছর নেশন্স লিগের সেমিফাইনালেও দেখা হয়েছিল দুই ইউরোপীয় পরাশক্তির; ওই ম্যাচেও ৫-৪ গোলে জিতেছিল স্প্যানিশরা।

আগামী বছরের মার্চের শেষ দিকে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে দুই লেগে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। প্রথম লেগে ঘরের মাঠে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

গ্রুপ পর্বে 'এ১' গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ 'এ৩'-এ দ্বিতীয় হয়ে শেষ আটে পা রেখেছে স্পেন। টুর্নামেন্টটিতে দুই দলেরই শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে—২০২১ সালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স, আর ২০২৩ সালে শিরোপা জিতেছিল স্প্যানিশরা।