২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ধরেই নিয়েছিলেন, ফাইনালের মঞ্চটা তাদের মাটিতেই বসছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ঐতিহ্য আর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ভ্রমণকৃত দেশের পর্যটন অভিজ্ঞতা, সব মিলিয়ে ফাইনাল যে স্পেনেই হবে, তা ছিল অলিখিত এক ধরে নেওয়া হিসাব।
সহ-আয়োজক পর্তুগালের ফাইনাল নিয়ে কোনো মাথাব্যথা ছিল না, আর স্পেনের ধারণা ছিলো, বিডে দেরিতে যুক্ত হওয়া মরক্কো অন্তত ফাইনালের জন্য দাবি তুলবে না। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেই নিশ্চিন্ত মনেই ধরেছে বড়সড় ফাটল- উত্তর আফ্রিকার উদীয়মান ফুটবল শক্তি মরক্কো যেভাবে কোমর বেঁধে নেমেছে, তাতে নাকের ডগা থেকেই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি ছিনিয়ে নেওয়ার শঙ্কায় রীতিমতো ঘাম ছুটছে স্পেনের!
ফাইনাল আয়োজনের এই লড়াই এখন রূপ নিয়েছে ত্রিমুখী মর্যাদার যুদ্ধে, একদিকে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প ন্যু, অন্যদিকে আটলান্টিক তীরের শহর কাসাব্লাঙ্কার কাছে ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়াম।
এই লড়াইয়ের সঙ্গে জড়িয়ে গেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর টিকে থাকার লড়াই, স্পেন-মরক্কো অভিবাসন টানাপোড়েন, এমনকি স্পেনের অভ্যন্তরীণ রাজনীতিও।
আগামী রোববারের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা আলবার্তো নুনেজ ফেইহো তো সরাসরি হুমকিই দিয়ে বসেছেন, ফাইনাল না পেলে স্পেনের উচিত বিশ্বকাপ আয়োজন থেকেই সরে দাঁড়ানো! লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস আর মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেজ-আলমেইদাও আশাবাদী নন; মেয়রের মতে, মরক্কোর উচ্চাকাঙ্ক্ষার সমান তৎপরতা স্প্যানিশ সরকারের মধ্যে দেখাই যাচ্ছে না।
মরক্কোর সবচেয়ে বড় শক্তি তাদের একতা। রাষ্ট্রীয় সার প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত দল ও অবকাঠামোর জোরে পুরো দেশ এককাট্টা হয়ে নেমেছে সাবেক রাজার নামে নির্মিত ১ লাখ ১৫ হাজার আসনের বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়ামে ফাইনাল আনতে। অথচ ঠিক উল্টো চিত্র স্পেনে, তাদের প্রচারণা বিভক্ত হয়ে পড়েছে মাদ্রিদ ও বার্সেলোনার চিরায়ত দ্বন্দ্বে।
সেপ্টেম্বরে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ১৯৮২ ফাইনাল বার্নাব্যুতে হওয়ার যুক্তি দেখিয়ে ক্যাম্প ন্যুর পক্ষে তদবির শুরু করলে স্প্যানিশ ফেডারেশনের ভেতরেই ক্ষোভ ছড়ায়। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ আয়োজক কমিটির সাবেক সিইও রিকার্দো ট্রেডের ভাষায়, স্পেন ফাইনাল হারানোর ভয়ে রীতিমতো আতঙ্কিত; যেখানে মরক্কো একতাবদ্ধ, সেখানে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা টানছে দুই দিকে।
অবশ্য স্প্যানিশ ফেডারেশনের মহাসচিব আলভারো দে মিগুয়েল এই বিভক্তির কথা অস্বীকার করে দাবি করেছেন, মরক্কোর একটি ভেন্যুর বিপরীতে দুটি বিকল্প থাকায় স্পেনের সুযোগ বরং বেশি। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৩ নারী বিশ্বকাপে লুইস রুবিয়ালেসের চুমু-কাণ্ডের অস্থির সময়ে বিডটি তৈরি হয়েছিল, আর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজই ২০১৮ সালে রাবাত সফরে গিয়ে মরক্কোকে বিডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন।
এই সমীকরণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন ফিফা বস জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়ে উয়েফার সঙ্গে তার ক্ষমতা-দ্বন্দ্ব চরমে, আর এই দুঃসময়ে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সবচেয়ে বড় সমর্থক মরক্কো।
রাবাতে ফিফার নতুন আঞ্চলিক সদর দপ্তরে দীর্ঘ সময় কাটাচ্ছেন ইনফান্তিনো, এমনকি মার্চে মরক্কোতেই ফিফা কংগ্রেসে তার পুনর্নির্বাচন হওয়ার কথা। লা লিগা সভাপতি তেবাসের মতে, ইনফান্তিনো ক্ষমতায় থাকলে ফাইনাল পাওয়ার ক্ষেত্রে স্পেনের সুযোগ প্রায় শূন্যের কোঠায়, যদিও রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা স্পেনের শেষ ভরসা হয়ে আছে।
মাঠের বাইরের এই কূটনীতির পাশাপাশি চলছে সক্ষমতার তুলনাও। স্পেন মনে করিয়ে দিচ্ছে ২০১৮ কোপা লিবার্তাদোরেস ফাইনাল সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা এবং ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস ফাইনালে রাবাতের বিশৃঙ্খলার কথা, যেখানে সেনেগালের কোচ দল নিয়ে মাঠ ছেড়েছিলেন, খেলোয়াড়দের হাতাহাতি হয়েছিল আর বলবয়রা গোলরক্ষকের সরঞ্জাম চুরি করেছিল!
এ ছাড়া ফিফার কারিগরি প্রতিবেদনে সাধারণ দর্শকদের আবাসন সুবিধায় স্পেন ৫ পেলেও কাসাব্লাঙ্কা পেয়েছে ৩.১। সংস্কার শেষে ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা ১ লাখ ৫ হাজার এবং বার্নাব্যুর ৮৪ হাজারে দাঁড়াবে। কিন্তু মরক্কোও ছাড় দেওয়ার পাত্র নয়, ২০২৮ সালের শুরুতেই হাসান দ্বিতীয় স্টেডিয়ামের কাজ শেষ হবে, আর ২০৩০ সাল নাগাদ বিমানবন্দর, হোটেল ও হাই-স্পিড রেল নেটওয়ার্কে প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলার বিনিয়োগ করছে দেশটি।
মরক্কোর এক সূত্রের সোজা কথা, ফুটবল প্রতিভার অন্যতম বৃহৎ উৎস আফ্রিকা মহাদেশ এবং বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামকে বঞ্চিত করে তুলনামূলক ছোট স্টেডিয়ামে ফাইনাল দিলে সেটি হবে চরম বিব্রতকর।
তথ্যসূত্র: রয়টার্স