মৌসুমের প্রথম হার বায়ার্ন মিউনিখের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অপ্রত্যাশিত ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে লিগ পর্বের পঞ্চম রাউন্ডে ফরাসি ক্লাব লিলের কাছে ২–১ গোলে হেরেছে দলটি। এর মধ্য দিয়ে ২০২৬–২৭ মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল জার্মান জায়ান্টরা।

চোটের কারণে দলের ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই এদিন মাঠে নামে বায়ার্ন। স্কোয়াডে ছিলেন না স্ট্রাইকার হ্যারি কেইন, গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, মাইকেল ওলিসে, সের্গে নাব্রি, আলফনসো ডেভিস ও ইসমাইল সাইবারি। নিয়মিত স্ট্রাইকার না থাকায় মিডফিল্ডার কনরাড লাইমারকে আক্রমণভাগে খেলান কোচ কম্পানি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল সফরকারীরা। ১৫তম মিনিটে টম বিশফের কর্নার থেকে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার দায়োত উপামেকানো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিউনিখের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিক লিল। বিরতির পরপরই জাল খুঁজে নেন জাপানি ফরোয়ার্ড আয়াসে উয়েদা; তবে জশুয়া কিমিচকে বাধাদানের কারণে গোলটি বাতিল করেন রেফারি। অবশ্য ৬২তম মিনিটে নাথান এনগয়ের পাস থেকে গোলরক্ষক ইয়োনাস উরবিখকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান উয়েদা।

সমতায় ফেরার তিন মিনিট পরই, ৬৫তম মিনিটে জয়সূচক গোলটি পায় লিল। বেঞ্জামিন আন্দ্রের পাস ধরে এতান এমবাপ্পের নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে তা বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন বায়ার্ন মিডফিল্ডার আলেকজান্ডার পাভলোভিচ। শেষ দিকে জামাল মুসিয়ালা ও লুইস দিয়াসকে বদলি হিসেবে নামিয়েও আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি বলেন, ‘প্রথমার্ধটা ঠিক আমরা যেমন ভেবেছিলাম তেমনই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর ছন্দে ফিরতে পারিনি। চেষ্টার কোনো কমতি ছিল না, তবে দ্বিতীয় গোলটি অবশ্যই হওয়া উচিত ছিল না। এই হার নিয়ে বেশি দিন পড়ে থাকলে চলবে না, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

অন্যদিকে চলতি আসরে প্রথম জয় পাওয়া লিল কোচ দাভিদে আনচেলত্তি বলেন, ‘বিরতির সময় আমি উদ্বিগ্ন ছিলাম না। দ্বিতীয়ার্ধে আমরা বেশি উদ্যোগী হয়ে খেলেছি এবং দর্শকদের সমর্থন আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার মনে হয় জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

এই হারের পর চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেল লিল।

শনিবার বুন্দেসলিগায় হামবুর্গের মাঠে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। আর চ্যাম্পিয়ন্স লিগে আগামী আট ডিসেম্বর ঘরের মাঠে স্লাভিয়া প্রাগের মুখোমুখি হবে তারা।

তথ্যসূত্র: উয়েফা ডটকম