বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে।
শুক্রবার রাতে বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে চোট পান তিনি।
ম্যাচের ১৫তম মিনিটে বক্সের মধ্যে কেইনকে ফেলে দেন কোলনের ডিফেন্ডার জোয়েল শ্মিড। মাইকেল অলিসের নিচু ক্রস থেকে বলের কাছে প্রথমে পৌঁছান কেইন। তবে শ্মিড বল ক্লিয়ার করার পর তার পায়ের সঙ্গে ধাক্কা লাগে কেইনের বাঁ পায়ে। গুরুতর চোট পেয়ে ব্যথায় কাতরাতে থাকেন এই ইংলিশ স্ট্রাইকার।
প্রথমে উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পর আর পারেননি কেইন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর দুই ফিজিওথেরাপিস্টের সহায়তায় মাঠ ছাড়েন তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বায়ার্ন জানায়, কোলনের বিপক্ষে ম্যাচে কেইনের বাঁ গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসা বিভাগের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে ৩৩ বছর বয়সী এই ফুটবলার আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকবেন।
কেইনের এই চোট বায়ার্নের জন্য বড় ধাক্কা। ২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ১৬১ ম্যাচে ১৫৬ গোল করেছেন তিনি। জিতেছেন দুটি বুন্দেসলিগা শিরোপা ও একটি জার্মান কাপ।
গত মাসে ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন কেইন। এর দুই সপ্তাহ আগে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিও করেন তিনি। চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের জুন পর্যন্ত বাভারিয়ান ক্লাবটিতে থাকবেন এই স্ট্রাইকার।
