তেভেজের বিদায়ী ম্যাচে থাকছেন মেসি, রোনালদোর অপেক্ষায় আয়োজকেরা

লা বম্বোনেরায় কার্লোস তেভেজের বিদায়ী প্রীতি ম্যাচ ‘দ্য লাস্ট ড্যান্স’-এ খেলতে সম্মতি দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের অংশগ্রহণ চূড়ান্ত হওয়ার পর এখন ফুটবলবিশ্বের নজর ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তবে সৌদি ক্লাব আল নাসরের ব্যস্ত ম্যাচসূচির কারণে পর্তুগিজ মহাতারকার বুয়েনস আয়ার্সে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ম্যাচটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘আদিওস অ্যাপাচি’ থেকে মেসির উপস্থিতির ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের বার্তায় উল্লেখ করা হয়েছে, অ্যাপাচির বিদায়ী আয়োজনে বিশ্বসেরা ফুটবলারকে পাওয়া তাঁদের জন্য বিশাল সম্মানের। আগামী ২০ ডিসেম্বর (রোববার) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বোকা জুনিয়র্সের ঐতিহ্যবাহী স্টেডিয়ামে গড়াবে এই তারকাবহুল ম্যাচ।

ম্যাচটির কাঠামোয় রাখা হয়েছে বাড়তি চমক। বোকা জুনিয়র্সের একটি দলের বিপক্ষে মাঠে নামবে তেভেজের সাবেক সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গড়া একাদশ। জাতীয় দলে মেসির সঙ্গে যেমন ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন ৪২ বছর বয়সী তেভেজ, তেমনি ম্যানচেস্টার ইউনাইটেডে জুটি বেঁধেছিলেন রোনালদোর সঙ্গেও। তাই ৪১ বছর বয়সী রোনালদো শেষ পর্যন্ত আমন্ত্রণে সাড়া দিলে ইতিহাসে প্রথমবারের মতো আধুনিক ফুটবলের দুই মহাতারকাকে একই দলের হয়ে খেলতে দেখার বিরল দৃশ্য তৈরি হতে পারে।

সাবেক ইউনাইটেড সতীর্থকে পাশে পাওয়ার আশা এখনো ছাড়েননি তেভেজ ও আয়োজকেরা। কিন্তু সূচির জটিলতাই এখানে মূল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যেদিন লা বম্বোনেরায় এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, ঠিক সেদিনই (২০ ডিসেম্বর) সৌদি প্রো লিগে আল খোলুদের মুখোমুখি হওয়ার কথা আল নাসরের। ফলে ক্লাবের দায়িত্ব সামলে রোনালদো আর্জেন্টিনায় উড়াল দিতে পারবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। সবশেষ ২০২৩ সালের ১৯ জানুয়ারি রিয়াদে পিএসজি ও রিয়াদ সিজন একাদশের প্রীতি ম্যাচে ৩৯ বছর বয়সী মেসি ও রোনালদোকে একসঙ্গে মাঠে দেখা গিয়েছিল।

মেসি ছাড়াও ‘দ্য লাস্ট ড্যান্স’-এ ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকজন নামী সাবেক ফুটবলারের উপস্থিতি এরই মধ্যে নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের সাবেক রক্ষণভাগের তারকা রিও ফার্ডিনান্ড, ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন এবং আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, মার্তিন পালের্মো ও হুয়ান রোমান রিকেলমে।

বোকা জুনিয়র্সের হাত ধরেই পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেছিলেন তেভেজ। ক্যারিয়ারের সোনালি সময়ে ইউরোপ মাতিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের জার্সিতে। ২০১৮ সালে শৈশবের ক্লাবে ফিরে আরও চার বছর খেলার পর ২০২২ সালে বুট জোড়া তুলে রাখেন তিনি। বোকার হয়ে ১১টি শিরোপা জয়ের পাশাপাশি ৯৪ গোল করা এই ফরোয়ার্ডকে ঘিরেই ২০ ডিসেম্বর উৎসবে মাতবে লা বম্বোনেরা।


তথ্যসূত্র: আদিওস অ্যাপাচি