বিজ্ঞাপনে নারীদের এমন নগ্ন ও যৌন উদ্দীপক উপস্থাপনা এবং সাফল্যকে পাশ কাটিয়ে শারীরিক সৌন্দর্য দিয়ে নারী ক্রীড়াবিদদের মূল্যায়নের চেষ্টার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বিশ্বসেরা নারী অ্যাথলেটরা।
বুদাপেস্টে আলটিমেট চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার ফাইনালে মৌসুমের সেরা ২২.১০ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হওয়া চারবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন এমি হান্ট দৌড় শেষেই বিবিসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি সুইনিকে ধুয়ে দেন।
বিজয়ী মেলিসা জেফারসন-উডেন ২১.৪৭ সেকেন্ড সময় নিয়ে ইতিহাস গড়েছেন উল্লেখ করে এমি হান্ট তীব্র সুর চড়িয়ে বলেন, সুইনি, ভালো করে দেখে নাও, খেলার মাঠের নারীদের দেখতে ঠিক কেমন হয়! এই যে ২১.৪ সেকেন্ড সময়, পেশী, কঠোর পরিশ্রম, রক্ত, ঘাম আর চোখের পানি, এটাই হলো আসল সৌন্দর্য!
এই প্রতিবাদী ট্রেন্ডটির সূচনা করেন আমেরিকান জিমন্যাস্ট গ্রেসি ক্রেমার। তিনি নিজের অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে লেখেন, সিডনি সুইনি কী করছিল জানি না, তবে ক্রীড়াজগতের নারীদের বাস্তব রূপ এটাই। এরপরই যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই আন্দোলন।
চারবারের অলিম্পিক সাঁতার চ্যাম্পিয়ন অ্যারিয়ার্ন টিটমাস ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, নারী অ্যাথলেটদের রক্ত-ঘাম ঝরানো অর্জনকে অবমূল্যায়ন করে শরীর বিক্রি আর যৌন আবেদন ছড়ানোর ব্যবসা এই যুগে কীভাবে চলতে পারে?
বিতর্কিত এই বিজ্ঞাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের অলিম্পিক সাইক্লিং চ্যাম্পিয়ন সোফি কেপওয়েল, রুবি খেলোয়াড় অ্যালেক্স ম্যাথিউস, লিসা নিউম্যান, এলি বোটম্যান এবং অস্ট্রেলিয়ান ওয়াটার পোলো তারকা টিলি কিয়ার্নসসহ বহু খ্যাতনামা অ্যাথলেট নিজেদের কঠোর অনুশীলনের ভিডিও শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন। ইংলিশ রুবি তারকা অ্যালেক্স ম্যাথিউস জানান, বিজ্ঞাপনের শরীরী সৌন্দর্যই যে সব, তরুণীদের এই ভুল ধারণা থেকে বের হতে হবে। রুবির উদাহরণ দিয়ে তিনি বলেন, খেলাধুলায় নির্দিষ্ট কোনো ‘পারফেক্ট’ বডি টাইপ হয় না, প্রতিটি শারীরিক গঠনই একেকটি শক্তির প্রতীক।
জবাব দিলেন সিডনি সুইনি: চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার মুখে মুখ বন্ধ রাখেননি সিডনি সুইনিও। নিজের সোশ্যাল মিডিয়ায় এক ডজন তারকা অ্যাথলেটের নগ্ন বা স্বল্পবসনা ছবির পোস্ট দিয়ে তিনি সমালোচকদের ‘দ্বিমুখী নীতি’ বা ভণ্ডামির দিকে আঙুল তুলেছেন।
তিনি ইএসপিএন ম্যাগাজিনের কভার ফটো রি-পোস্ট করেন, যেখানে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, এমএমএ তারকা রোন্ডা রাউজি থেকে শুরু করে পুরুষ এনএফএল তারকা মাইলস গ্যারেট ও বাস্কেটবল তারকা কার্ল-অ্যান্টনি টাউনসের নগ্ন ছবি ছিল।
উল্লেখ্য, গত বছরও আমেরিকান ঈগলের একটি জিন্সের বিজ্ঞাপনে ‘Sydney Sweeney has great jeans’ স্লোগান দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন সুইনি, যা জিন্স ও 'জীনগত সৌন্দর্য' নিয়ে বর্ণবাদী আলোচনার রসদ জুগিয়েছিল। এবার স্পোর্টস বেটিংয়ের বিজ্ঞাপনে শরীর প্রদর্শন করে অ্যাথলেটদের তোপের মুখে পড়ে বিশ্বজুড়ে এক নতুন তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলেন এই হলিউড সুন্দরী।
তথ্যসূত্র: বিবিসি