ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আর নেই

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ও প্রভাবশালী সংগঠক, ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আর নেই। ক্রীড়াপ্রেমীদের কাছে যিনি পরম শ্রদ্ধার ‘হারুন ভাই’ নামে পরিচিত ছিলেন, তিনি সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৯ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হারুনুর রশিদ। স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের ফুটবল ও ক্লাব সংস্কৃতিকে আধুনিক রূপ দেয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবটির প্রতিষ্ঠা, বিকাশ এবং জনপ্রিয় করে তোলার পেছনে তাঁর আজীবন অবদানের কথা ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শুধু আবাহনী নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) দীর্ঘদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দায়িত্বে ছিলেন তিনি। বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালনের পাশাপাশি একাধিকবার নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবেও দক্ষতার পরিচয় দেন।

তাঁর এই নেতৃত্ব দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পায়। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য এবং ফিফার মিডিয়া কমিটিতেও সফলভাবে দায়িত্ব পালন করেন। ফুটবলে অনন্য অবদানের জন্য তিনি অর্জন করেছিলেন মর্যাদাপূর্ণ ‘এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড’।

ক্রীড়াঙ্গনে দীর্ঘ ও বর্ণাঢ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’। এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) থেকে বর্ষসেরা সংগঠকের সম্মাননা পান। ২০২৩ সালে বিএসপিএর প্রথম ‘কায়সার সিনহা সংগঠক পুরস্কারেও’ ভূষিত হন তিনি।

ক্রীড়া সংগঠক পরিচয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন হারুনুর রশিদ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন ছেড়ে দিলে লক্ষ্মীপুর-২ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডিস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নিজ জেলা লক্ষ্মীপুরে নিয়ে দাফন করার কথা রয়েছে।

তাঁর প্রয়াণে আবাহনী লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)সহ দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। দেশের ক্রীড়াঙ্গন হারাল একজন অভিভাবকতুল্য, নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ সংগঠককে; যা সহজে পূরণ হওয়ার নয়।