সিদ্ধান্ত পরিবর্তন, কোনো মোবাইল ফোন বন্ধ হচ্ছে না

কিছুটা পরিবর্তন এলো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থায়। এখন থেকে মোবাইল ফোন সেট চালু করলে স্বয়ংক্রিভাবে তার নিবন্ধন হবে। তবে ফোনটি অবৈধ হলেও (অবৈধ পথে দেশে আসা, নন চ্যানেলে মোবাইল ফোন কেনা) বন্ধ হবে না। গত এক অক্টোবর থেকে কোনো মোবাইল ফোন চালু করতে গিয়ে অবৈধ চিহ্নিত হলে তা বন্ধের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা আর হচ্ছে না। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সাংবাদিকদের বলেন, আমরা চাই না মোবাইল ফোনের নিবন্ধন করতে গিয়ে জনগণের কোনো ভোগান্তি হোক। এজন্যই মোবাইল ফোন সেটের নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে করা হবে। আমরা দেখেছি, মোবাইল ফোন সেটের নিবন্ধন করতে গিয়ে গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে যিনি ফিচার ফোন ব্যবহার করেন, তিনিই বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। প্রবাসীরাও ভোগান্তি পোহাচ্ছেন।

মন্ত্রী উল্লেখ করেন, এনইআইআর  (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার)সিস্টেম চালু করা হয় মোবাইলের আইএমইআই  ডাটাবেজ তৈরি করতে। এনইআইআর  সিস্টেমের মাধ্যমে তা সফলভাবে করা যাচ্ছে।

যেসব মোবাইল ফোন অবৈধ চিহ্নিত হয়েছে সেগুলোর কী হবে এই প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, সব ফোনের নিবন্ধন হয়ে যাবে। যদি কোনো ফোন বন্ধ হয়ে যায় সেগুলো চালু হয়ে যাবে।

আরও পড়ুন: বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন করবে শাওমি

নকল বা একই আইএমইআই নম্বরে থাকা একাধিক সেটের বিষয়ে কী সিদ্ধান্ত জানতে চাইলে মন্ত্রী বলেন, সে বিষয়ে পরে জনভোগান্তি এড়িয়ে কী করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, বৈধ বা অবৈধ কোনো মোবাইল ফোনই বন্ধ হবে না। এ বিষয়ে মেসেজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

একাত্তর/এসি