হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, এডিট করা যাবে মেসেজ

ব্যবহারকারীদের সুবিধার্থে এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো আরেকটি নতুন ফিচার। এখন থেকে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর তা এডিট বা সম্পাদনা করা যাবে, এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

সোমবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।  

জাকারবার্গ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে এখন থেকে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে তা এডিট করা যাবে।

ফেসবুক পোস্টে তিনি একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন। সেখানে ইংরেজিতে বেস্ট অব লাক (Beast of luck) লিখতে গিয়ে ভুলে অতিরিক্ত এ (a) ব্যবহার করা হয়েছে। যা কাউকে পাঠানো হয়ে গেছে। সেই ভুল বানানের ওপর ক্লিক করে অতিরিক্ত এ (a) অক্ষরটি বাদ দিয়ে শুদ্ধভাবে Best of luck লেখা যাবে বলে জানান তিনি। 

আগামী কয়েক দিনের মধ্যে হোয়াটসঅ্যাপের প্রায় ২০০ কোটি ব্যবহারকারী এই ফিচারটির সুবিধা গ্রহণ করতে পারবেন।    

সোমবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানিয়েছে, আপনাকে যা করতে হবে তা হলো- কাউকে পাঠানো হয়েছে এমন একটি মেসেজের ওপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখুন এবং তা এডিট করুন। তবে এক্ষেত্রে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে তা এডিট করা যাবে। 

এছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন তিনটি ফিচার সংযুক্ত করা হয়। সেগুলো হলো-  

হোয়াটসঅ্যাপ চ্যাট লক: এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী চাওয়া মাত্রই লুকিয়ে ফেলতে পারবেন যে কোনো আলাপ। যা চ্যাটের পর্দায় দেখা যাবে না। আবারও সেখানে আলাপ চালাতে চাইলে তা আনলক করে নিতে হবে আঙ্গুলের ছাপ বা পাসওয়ার্ড দিয়ে। 

আরও পড়ুন: আট মামলায় জামিন পেলেন ইমরান খান

ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার: এখন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি শেয়ার করা যাবে ফেসবুকেও। এ জন্য অ্যাপ ছেড়ে ব্যবহারকারীকে বের হতে হবে না। একই ধরণের ফিচার ইনস্টাগ্রামে চালু আছে। 

ভয়েস নোট ট্রান্সক্রাইব: হোয়াটসঅ্যাপে আসা ভয়েস নোট প্লে অর্থাৎ চালু না করেও তা পড়তে পারবেন ব্যবহারকারীরা, অর্থাৎ ভয়েস মেসেজ লিখিত আকারে দেখতে পারবেন।


একাত্তর/আরবিএস