এবার নিজের পছন্দমতো স্বপ্ন দেখতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ‘হালো এআই’ নামের উন্নত প্রযুক্তির সহায়তায় ব্যক্তি তার স্বপ্নের অনিয়ন্ত্রিত পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবে। প্রোফেটিক নামের একটি প্রযুক্তি কোম্পানি স্বপ্নের রহস্যময় জগতে পছন্দমতো প্রবেশের লক্ষ্যে সম্প্রতি একটি হেডব্যান্ড ডিভাইস তৈরি করেছে।
মধ্যরাতে দুঃস্বপ্নে চমকে ওঠেননি এমন মানুষ দুর্লভ। তবে এখন থেকে আপনি কী স্বপ্ন দেখবেন, তা নিজেই ঠিক করে ফেলতে পারবেন। প্রযুক্তি দিয়ে মানুষকে তাক লাগানোর এই সময়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি তাহলে আপনার স্বপ্নের জগতটিও নিয়ন্ত্রণ করতে যাচ্ছে?
প্রোফেটিক নামে এক প্রযুক্তি কোম্পানি তৈরি করেছে হ্যালো এআই হেডব্যান্ড নামে এক নতুন ডিভাইস। এর সাহায্যে আপনি শুধু স্বপ্নের জগতেই প্রবেশই করবেন না, সেই দুনিয়া পুরোপুরি নিয়ন্ত্রণও করতে পারবেন। ড্রিমস অন ডিমান্ড নামে এই চাহিদা মোতাবেক স্বপ্ন বিক্রির প্রচারণাও শুরু হয়েছে।
হ্যালো এআই হেডব্যান্ড ডিভাইসটি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্ন জগতের দুয়ার খুলে দেয়। এর পরে ব্যবহারকারী তার স্বপ্নের জগতে প্রবেশ করতে পারেন।
কোম্পানির ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, এটি একটি উন্নত নিউরোটেক ডিভাইস যা সহজেই পরিধানযোগ্য,এবং এর ব্যবহারকারীর অবচেতনে তার মস্তিষ্কে প্রবেশ করে।
ব্যবহারকারী স্বপ্নের জগতে প্রবেশের পর এই ডিভাইস তার উপর নিয়ন্ত্রণের ভার দেয়। ফলে ব্যবহারকারীরা তাদের স্বপ্নকেও নিয়ন্ত্রণ করতে পারে।
বর্তমানে কোম্পানি টি এই এআই হেডব্যান্ডের ক্ষমতা আরও ভালোভাবে পরীক্ষা করে নেয়ার জন্য স্বেচ্ছাসেবক খুঁজছে। ইতোমধ্যে ৪০০ ব্যবহারকারকারী এটি যাচাইও করেছেন। আর পুরো পরীক্ষাটি সফল হলে ২০২৫ সালে বাণিজ্যিকভাবেই এর ব্যবহার শুরু হতে পারে।
গ্রাহকের জন্য এর দাম ধরা হয়েছে ২০০০ ডলার। মানে ২ লাখ ২০ হাজার টাকার মতো খরচ করলেই চাহিদা মোতাবেক স্বপ্ন দেখানোর মেশিনটি চলে আসবে আপনার হাতের মুঠোয়।