নিরীক্ষা ফার্ম বদলে প্রশ্নে বেসিস 

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিসের নিরীক্ষা ফার্ম বদল করা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি সংগঠনটির পর্ষদ সভায় ‘মিজান অ্যান্ড কোং’ নামের একটি ফার্ম দিয়ে হিসাব নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করে ‘অধিকারী অ্যান্ড কোং’ নামের আরেক কোম্পানিকে নিয়োগ দেয়া হয়।

নিরীক্ষক বদলের হঠাৎ এই সিদ্ধান্তই তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনটির সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, সবার উপরে বেসিসের সাধারণ সদস্য এবং তাদের কাছে আমাদের সর্বাপেক্ষা দায়বদ্ধতা।

‘আমরা তাদের স্বার্থ রক্ষায় আইনি বিধিমালা অনুসরণ করে অডিটর ফার্ম বদল করেছি,’ বলেন তিনি।

রাসেল জানান, প্রথমে মিজান অ্যান্ড কোংকে দিয়েই নিরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। কিন্তু তারা অপারগতা প্রকাশ করলে আইন মেনে অধিকারী অ্যান্ড কোংকে নিরীক্ষার দায়িত্ব দেয়া হয়।

আমরা কেনো ও কোন প্রক্রিয়ায় এই কাজটি করেছি, তা আগামী ১৬ মার্চের এজিএমে সদস্যদের সামনে তুলে ধরবো,’ যোগ করেন তিনি।

তবে বেসিসের অডিট ফার্ম বদল করার বিষয়টি বেআইনি না হলেও অনিয়মিত হয়েছে বলে মন্তব্য করেছেন কর্পোরেট আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার কাজী এরশাদুল আলম। বলেন, এটাকে এজিএমে নিয়মিত করে নিলেই হবে।

তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত অডিট ফার্মের অপারগতার কারণে পরিচালনা পর্ষদ নতুন ফার্ম দিয়ে নিরীক্ষা করিয়েছেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।