গুগলকে চ্যালেঞ্জ জানাতে আসছে চ্যাটজিপিটির সার্চ ফিচার

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবার গুগলকে চ্যালেঞ্জ জানাতে নতুন ‘সার্চ ফিচার’ আনছে। যুক্তরাষ্ট্রের কিছু ব্যবহারকারী এখন এ সার্ভিসটি ব্যবহার করতে পারছেন।

কোম্পানিটি বলছে, নতুন এই ফিচার রিয়েল টাইম সার্চের তথ্য দেখাবে। চ্যাট বটটি তখন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বিভিন্ন আপডেট তথ্য দেখানোর পাশাপাশি লিংকও দিতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে চ্যাটজিপিটির মুখপাত্র কায়লা উড জানান, সার্চ ফিচারটি এখনো প্রোটোটাইপ বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কোম্পানিটির জিপিটি-৪ মডেলের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে।

থার্ড পার্টি অংশীদারত্বদের সঙ্গে কাজ করছে ওপেনএআই এবং সার্চ ফলাফল তৈরির জন্য সরাসরি কনটেন্ট ফিড ব্যবহার করবে ওপেনএআইয়ের সার্চ ইঞ্জিন। চ্যাটজিপিটির সঙ্গে ফলাফলগুলো একত্রিত করাই কোম্পানিটির চূড়ান্ত লক্ষ্য। 

ওপেনএআইয়ের সার্চ ফিচার আনার ঘোষণার পর গত বৃহস্পতিবার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের শেয়ার দর ৩ শতাংশ কমেছে। ওপেনএআইয়ের সার্চ ইঞ্জিনটি গুগলের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে মত অনেকরই। 

এর মাধ্যমে এআইভিত্তিক আরেক সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির সঙ্গেও তীব্র প্রতিযোগিতা করবে ওপেনএআই। সম্প্রতি এআই দিয়ে তৈরি উত্তরের জন্য সমালোচনার মুখে পড়েছে পারপ্লেক্সিটি।

openai-chatgpt1

বিভিন্ন প্রকাশক দাবি করেন, সার্চ ইঞ্জিনটি সরাসরি তাদের কাজ চুরি করছে।

এসব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে সম্পূর্ণ ভিন্ন পথে এগিয়েছে ওপেনএআই। এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলেছে, সার্চজিপিটি তৈরির জন্য ওয়ালস্ট্রিট জার্নাল, দ্য অ্যাসোসিয়েট প্রেস ও ভক্স মিডিয়ার মতো বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে অংশীদারত্ব করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্লুমবার্গের ও মে মাসে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে ওপেনএআইয়ের এই পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। গুগলের অনেক কর্মীকেও ওপেনএআই নিজের কোম্পানিতে নিয়োগ দিতে চেয়েছিল বলে সে সময় জানা গেছে।

চ্যাটজিপিটিতে রিয়েলটাইম তথ্য যুক্ত করতে চায় ওপেনএআই। যখন চ্যাটজিপিটি ৩.৫ উন্মোচন হয়েছিল, তখন কয়েক মাস পিছিয়ে ছিল এআই মডেলটির তথ্য। চ্যাটজিপিটির মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করার জন্য গত সেপ্টেম্বরে নতুন একটি উপায় উন্মোচন করে ওপেনএআই। সেসময় চ্যাটজিপিটির সঙ্গে বিং সার্চ ইঞ্জিনের ক্ষমতা জুড়ে দেয়া হয়।

২০২২ সালের শেষদিকে চালু হওয়ার পর ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপ হিসেবে পরিণত হয় চ্যাটজিপিটি। সেসময় প্ল্যাটফর্মটিতে ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। তবে গত বছর চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর সংখ্যা বাড়তে-কমতে দেখা যায়।

ওয়েবসাইট ট্রাফিক ও পারফরম্যান্স বিশ্লেষণকারী সংস্থা সিমিলারওয়েবের মতে, ২০২৩ সালের মে মাসে প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি সক্রিয় ব্যবহারকারী ছিলো।