চীনে ভাইরাল অ্যাপের অদ্ভূত নাম ‘আপনি কি মৃত?’

চীনে একা বসবাসকারী মানুষদের জন্য তৈরি ‘আর ইউ ডেড’ নামক একটি অ্যাপ বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেশটিতে অ্যাপটির ডাউনলোড সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনি সামাজিক মাধ্যমেও এটি নিয়ে চলছে জোর আলোচনা। ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে কোম্পানিটি এখন সাবস্ক্রিপশন ফি চালু করেছে এবং আন্তর্জাতিক বাজারের জন্য অ্যাপটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

চীনা ভাষায় অ্যাপটির নাম 'সিলেমে'- যার ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় ‘আপনি কি মৃত?’। এর নির্মাতা দলের মতে, এটি একটি হালকা ওজনের নিরাপত্তা টুল, যা শিক্ষার্থী থেকে শুরু করে চাকুরিজীবী বা যারা একাকী জীবনযাপন করতে পছন্দ করেন, তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

অ্যাপটির কার্যপদ্ধতি বেশ সহজ; এটিতে জরুরি কন্টাক্ট নম্বর সেট করতে হয়। যদি কোনো ব্যবহারকারী টানা কয়েকদিন অ্যাপটিতে নিজের উপস্থিতির জানান না দেন, তবে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ওই জরুরি নম্বরে নোটিফিকেশন পাঠিয়ে দেয়, যাতে করে একাকী মানুষটির খোঁজ নিতে পারে সেই ব্যক্তিটি। 

রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমসের তথ্যমতে, চীনে বর্তমানে প্রায় ২০ কোটি মানুষ একা বসবাস করেন এবং দেশটিতে একাকী বসবাসের হার ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার নিজেদের অফিসিয়াল উইবো অ্যাকাউন্টে সিলেমে জানায়, শিগগিরই মুক্তি পেতে যাওয়া নতুন সংস্করণে তারা 'ডেমুমু' নামে বিশ্বজুড়ে ব্র্যান্ডিং শুরু করবে। অ্যাপলের পেইড অ্যাপ চার্টে এটি ইতিমধ্যেই 'ডেমুমু' নামে জায়গা করে নিয়েছে এবং এই সপ্তাহের শুরুতে তালিকার শীর্ষে উঠে আসার পর বর্তমানে দুই নম্বর অবস্থানে রয়েছে।

সিলেমে কর্তৃপক্ষ জানায়, নেটিজেনদের স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আদতে ১৯৯৫ সালের পরে জন্ম নেয়া তিনজনের একটি অখ্যাত দল ছিলাম, যারা স্বাধীনভাবে এটি পরিচালনা করতাম।

রোববার কোম্পানিটি জানায়, ক্রমবর্ধমান খরচ মেটাতে তারা ৮ ইউয়ান (১.১৫ ডলার) চার্জ করার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে ৮ হংকং ডলার খরচ করতে হচ্ছে।

উইবোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ অ্যাপটির নাম না বদলানোর অনুরোধ করেছেন। আবার অনেকে ‘আর ইউ অ্যালাইভ’, ‘আর ইউ অনলাইন’ বা ‘আর ইউ দেয়ার’-এর মতো বিকল্প নাম প্রস্তাব করেছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, হয়তো রক্ষণশীল কিছু মানুষ নামটা মেনে নিতে পারছেন না, কিন্তু নিরাপত্তার খাতিরে এটি খুবই কার্যকর। এটি আমাদের মতো অবিবাহিত মানুষদের নিশ্চিন্তে জীবন কাটাতে সাহায্য করবে।