পৃথিবীকে বাঁচানোর মহড়ায় বদলে যায় গ্রহাণুর কক্ষপথ!

হলিউডের কোনো মহাকাশ দুর্যোগ সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে ২০২২ সালে এক নজিরবিহীন মহাজাগতিক ধাক্কা দিয়েছিল নাসা, পৃথিবীকে সম্ভাব্য গ্রহাণু আঘাত থেকে বাঁচানোর মহড়ায় ইচ্ছাকৃতভাবে একটি গ্রহাণুর বুকে আছড়ে ফেলেছিল ‘ডার্ট’ মহাকাশযান।

সেই প্রচণ্ড সংঘর্ষে ডার্ট নিজেই চুরমার হয়ে গিয়েছিল, আর চার বছর পর এবার সেই দুর্ঘটনাস্থলে তদন্তে নেমেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) মহাকাশযান ‘হেরা’। সংঘর্ষের ক্ষয়ক্ষতি ও আসল পরিণতি খতিয়ে দেখতে হেরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে, আর বুধবার দিনের শেষভাগেই প্রকাশ্যে আসছে প্রথম ক্লোজ-আপ ছবিগুলো।

হেরা মহাকাশযানটি ডিমোরফোস নামক ১৫০ মিটার প্রশস্ত গ্রহাণুটিকে নিয়ে গবেষণা করবে। ছবি:সংগৃহীত
এই অভিযান কোনো তাৎক্ষণিক বিপদ ঠেকাতে নয়, বরং ভবিষ্যতে কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে এলে আমরা ঠিক কতটা কার্যকরভাবে তার গতিপথ বদলাতে পারবো, সেই গ্রহ-প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের প্রথম পরীক্ষা ছিল এটি। প্রায় ৭৩০ মিটার চওড়া ‘ডিডিমোস’ নামের বড় গ্রহাণুকে ঘিরে পাক খায় প্রায় ১৫০ মিটার প্রশস্ত ছোট গ্রহাণু ‘ডিমরফোস’; ঘণ্টায় ২২ হাজার কিলোমিটার বেগে ছুটতে থাকা ডার্ট ঠিক সেই ডিমরফোসের গায়েই সজোরে আঘাত হেনেছিল।

ধাক্কা লাগার আগ মুহূর্ত পর্যন্ত পাথুরে পৃষ্ঠের ছবি পাঠাতে পাঠাতেই বন্ধ হয়ে গিয়েছিল ডার্টের সংকেত, আর সংঘর্ষের ধাক্কায় প্রায় ১০ হাজার কিলোমিটার দীর্ঘ ধ্বংসাবশেষের লেজ ধরা পড়েছিল পৃথিবী ও মহাকাশের টেলিস্কোপে। সেই ধাক্কায় ডিমরফোসের কক্ষপথের সময়কালও বদলে যায়—আগে ডিডিমোসকে একবার প্রদক্ষিণ করতে যেখানে ১১ ঘণ্টা ৫৫ মিনিট লাগত, সংঘর্ষের পর তা প্রায় ৩৩ মিনিট কমে আসে।

২০২২ সালে ডাইমরফোসের সাথে সংঘর্ষের আগে এটি ছিল ডার্টের পাঠানো সর্বশেষ ছবি। ছবি: সংগৃহীত
কিন্তু ডার্ট যেহেতু ধাক্কা খেয়েই ধ্বংস হয়ে যায়, তাই ডিমরফোসের বর্তমান রূপ কী দাঁড়িয়েছে, তা অজানাই রয়ে গেছে। হেরা মিশনের প্রধান অনুসন্ধানী প্যাট্রিক মিশেল এই অভিযানকে তুলনা করেছেন গোয়েন্দা ‘ইন্সপেক্টর কলম্বো’-র সঙ্গে, যিনি দুর্ঘটনাস্থলে ফিরে গিয়ে ঘটনার আসল ফলাফল খুঁটিয়ে দেখেন, সেখানে বড়সড় গর্ত তৈরি হয়েছে কি না, কিংবা পুরো গ্রহাণুর আকৃতিই বদলে গেছে কি না, তা খতিয়ে দেখবে হেরা।

আগামী এক বছর ধরে ডিমরফোস ও ডিডিমোসকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এটি; সঙ্গে থাকা যন্ত্রপাতির পাশাপাশি জুতার বাক্সের আকারের দুটি খুদে স্যাটেলাইটও রয়েছে, যা সংঘর্ষস্থলের আরও কাছে গিয়ে শেষে গ্রহাণুর বুকেই নামবে। বিশেষ করে ডিমরফোসের ভর মাপাটা খুব জরুরি, যাতে ভবিষ্যতে কোনো আসল বিপদ এলে ঠিক কত ওজনের মহাকাশযান, কত গতিতে ও কত আগে পাঠালে পৃথিবীকে নিরাপদে বাঁচানো যাবে, তার নিখুঁত হিসাব কষা যায়।

হাবল স্পেস টেলিস্কোপ ১০,০০০ কিলোমিটার দীর্ঘ ধ্বংসাবশেষের একটি পথ শনাক্ত করেছে। ছবি: সংগৃহীত
মহাকাশে বড় গ্রহাণুগুলোর বেশির ভাগই শনাক্ত করা হয়েছে এবং কোনোটিই পৃথিবীর দিকে আসছে না, আর খুদে পাথরগুলোকে আটকে দেয় আমাদের বায়ুমণ্ডল। কিন্তু মাঝারি আকারের—ডিমরফোসের মতো—গ্রহাণুগুলোই আসল মাথাব্যথার কারণ, কারণ এগুলো আছড়ে পড়লে গোটা একটি শহর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, যেমনটি অতীতে ডাইনোসরদের ক্ষেত্রে ঘটেছিল।

হেরা ইতিমধ্যেই ডিডাইমোসের একটি ছবি পাঠিয়েছে, যার পটভূমিতে ডাইমরফোসকে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত
তাই প্রস্তুতি বাড়াতে ২০২৭ সালে ‘নিয়ার-আর্থ অবজেক্ট সার্ভেয়ার’ নামের মহাকাশ টেলিস্কোপ উৎক্ষেপণ করা হচ্ছে, আর ৪৫০ মিটার লম্বা ‘অ্যাপোফিস’ গ্রহাণুর কাছেও যাচ্ছে দুটি যান- নাসার ওসিরিস-অ্যাপেক্স এবং ইএসএ ও জাক্সার যৌথ মিশন র‍্যামসেস। অ্যাপোফিস নিয়ে আগে ২০২৯ সালে সংঘর্ষের আশঙ্কা থাকলেও এখন বিজ্ঞানীরা নিশ্চিত যে অন্তত আগামী ১০০ বছরেও এটি পৃথিবীতে আছড়ে পড়বে না; বরং ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীপৃষ্ঠ থেকে মাত্র ৩২ হাজার কিলোমিটার ওপর দিয়ে উড়ে যাবে, যা বিজ্ঞানীদের দেবে এক মহাকাশ-পাথরকে একদম কাছ থেকে দেখার বিরল সুযোগ।

তথ্যসূত্র: বিবিসি