আকাশের সীমানা ছাড়িয়ে এবার নক্ষত্রের পথে ডানা মেলল এক পাকিস্তানি স্বপ্ন। ৪০ বছর বয়সী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী পেশায় ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর দক্ষ পাইলট, কিন্তু আজ তিনি ইতিহাস গড়ছেন প্রথম পাকিস্তানি হিসেবে পৃথিবীর কক্ষপথে পা রেখে এবং প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের ‘তিয়ানগং’ মহাকাশ স্টেশনে পৌঁছে।

বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটে চেপে শেনঝো-২৪ মহাকাশযানে যাত্রা শুরু করেন তিনি। মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ের সঙ্গে ‘পেলোড স্পেশালিস্ট’ হিসেবে মহাকাশে উড়াল দেয়ার আগে জিশানের কণ্ঠে ছিল আবেগ আর দায়িত্ববোধের এক অপূর্ব মিশেল, তিনি শুধু নিজের জন্য উড়ছেন না, বরং কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন ২৫ কোটি পাকিস্তানির আশা আর দেশের নাম।
ফাইটার জেটের ককপিট থেকে মহাকাশযানের শূন্য মাধ্যাকর্ষণে মানিয়ে নেওয়ার এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’ এবং চায়না ম্যানড স্পেস এজেন্সির চুক্তির পর পাইলট ও বিজ্ঞানীদের মধ্য থেকে তিন ধাপের কঠিন বাছাই পর্বে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা আর তীব্র জি-ফোর্স সহ্য করার পরীক্ষায় টিকে যান জিশান আলী ও খুররম দাউদ।

গত এপ্রিলে বেইজিংয়ে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়ার পর মূল আসনটি পান জিশান, আর ব্যাকআপ হিসেবে থাকেন দাউদ। বেইজিংয়ের অ্যাস্ট্রোনট সেন্টারে টানা সাত মাসের হাড়ভাঙা প্রশিক্ষণে সেন্ট্রিফিউজ মেশিনের ঘূর্ণন আর জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার মহড়ার পাশাপাশি রপ্ত করেছেন মান্দারিন ভাষাও।
সহকর্মীদের কারিগরি নির্দেশ বুঝতে শুধু ভাষাই শেখেননি, বরং চীনা গান গেয়েছেন, কবিতা পড়েছেন, ক্যালিগ্রাফি করেছেন, এমনকি টেবিল টেনিসও খেলেছেন! উৎক্ষেপণের আগে সংবাদ সম্মেলনে ঝরঝরে মান্দারিনে চীন সরকারকে ধন্যবাদ জানিয়ে জিশান বলেন, এই মিশন কোনো শেষ রেখা নয়, বরং চীন-পাকিস্তান মহাকাশ সহযোগিতার এক নতুন লঞ্চপ্যাড, যা একদিন চাঁদ ও মঙ্গল গ্রহেও পৌঁছাবে।

২০২৩ সালের অক্টোবরে ভার্জিন গ্যালাকটিকের সাব-অরবিটাল ফ্লাইটে নামিরা সেলিম প্রথম পাকিস্তানি হিসেবে মহাকাশ ছুঁয়েছিলেন, তবে কক্ষপথে যাওয়া প্রথম পাকিস্তানি হিসেবে জিশানের এই অভিযান দেশটির বিজ্ঞান গবেষণায় নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
প্রায় এক সপ্তাহের এই অবস্থানে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠানো তিন শতাধিক প্রস্তাব থেকে বাছাই করা চারটি বায়োটেকনোলজি গবেষণা পরিচালনা করবেন তিনি, যা খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো জরুরি বিষয়ের সঙ্গে যুক্ত; এ ছাড়া সালোকসংশ্লেষণকারী অণুজীব নিয়েও কাজ করবেন।

সপ্তাহখানেক পর তিয়ানগংয়ে আগে থেকেই থাকা নভোচারী লাই কা-ইং ও ঝাং ঝিউয়ানের সঙ্গে শেনঝো-২৩ যানে পৃথিবীতে ফিরবেন জিশান, আর এক বছর পূর্ণ করতে স্টেশনেই থেকে যাবেন ঝু ইয়াংঝু। মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে সবার আগে নিজের ঘরের আলো খুঁজবেন বলে পরিবারকে কথা দিয়েছেন জিশান, আর পাকিস্তানের শিশুদের উদ্দেশে রেখে গেছেন এক স্বপ্নময় বার্তা, আকাশের দিকে তাকিও, মনে রেখো আমি ওখানেই আছি, তোমাদের স্বপ্নগুলোকে সঙ্গে নিয়ে!
