চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ নুরুল ইসলাম

চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক নুরুল ইসলাম। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বার্ধক্যজনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বরেণ্য এই অর্থনীতিবিদের বয়স হয়েছিল ৯৪ বছর।  

স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সাবেক ডেপুটি চেয়ারম্যান নুরুল ইসলাম ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টা ও আস্থাভাজনদের একজন। 

পাকিস্তান আমলে বাঙালির বৈষম্যের অবসানের দাবিতে বঙ্গবন্ধু যে ৬ দফা ঘোষণা করেছিলেন, তাতে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৎকালীন শিক্ষক নুরুল ইসলাম।

স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনে ভূমিকা রাখা নুরুল ইসলাম বঙ্গবন্ধু দেশে ফেরার পর স্বাধীন বাংলাদেশের পরিকল্পনা কমিশন গঠনে ব্যাপক ভূমিকা রাখেন। বঙ্গবন্ধুর পরের পদটিই অর্থাৎ ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। ওই কমিটিতে সদস্য ছিলেন অর্থনীতিবিদন মোহাম্মদ আনিসুর রহমান ও রেহমান সোবহান।

স্বাধীনতার পর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস গঠিত হলে তার প্রথম চেয়ারম্যানের দায়িত্বও তিনি পালন করেন তিনি।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিরূপ পরিস্থিতিতে বিদেশে চলে যান নুরুল ইসলাম। এরপর আর কখনোই স্থায়ীভাবে তিনি দেশে ফেরেননি। 

মৃত্যুর আগ পর্যন্ত অধ্যাপক নুরুল ইসলাম খাদ্যনীতি বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) ইমেরিটাস ফেলো হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৬১ সালে নুরুল ইসলাম, রেহমান সোবহান এবং হাবিবুর রহমান মিলে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের ওপর একটি সেমিনারের আয়োজন করেন, যা স্বাধীনতার জন্য সমর্থন যোগাতে সহায়ক হয়েছিল।

নুরুল ইসলাম ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৬৫ সালে বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে তিনি পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স (পরবর্তীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ)-এর পরিচালক পদে যোগ দেন। ১৯৬৯ সালে তিনি ঢাকায় ফিরে আসেন।

তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাফিল্ড ফাউন্ডেশনের ফেলো ছিলেন। নেদারল্যান্ড স্কুল অফ ইকোনমিক্সে রকফেলার ফেলো হিসেবেও কাজ করেছেন এবং অক্সফোর্ডের সেন্ট অ্যান্টোনি’স কলেজের একজন ফেলো ছিলেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে রূপ নিলে কোথায় আছড়ে পড়বে মোখা

অধ্যাপক নুরুল ইসলাম জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহকারী মহাপরিচালক এবং অর্থনৈতিক ও সামাজিক নীতি বিভাগের দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামে  জন্ম নেয়া নুরুল ইসলাম চট্টগ্রাম কলেজ থেকে আইএ সম্পন্ন করেন। পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পর, তিনি ১৯৫৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

নুরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৯টির বেশি। তার মধ্যে রয়েছে করাপশন, ইটস কন্ট্রোল অ্যান্ড ড্রাইভারস অব চেঞ্জ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ: আ প্রাইমার অন পলিটিক্যাল হিস্ট্রি।

তাত্ত্বিক এবং প্রায়োগিক উন্নয়ন অর্থনীতিতে অবদানের জন্য তিনি ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক পুরস্কার পেয়েছিলেন।

এক ছেলে ও এক মেয়ের জনক অধ্যাপক নুরুল ইসলাম ১৯৮৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।


একাত্তর/আরবিএস