একাত্তর টিভির সৌদি প্রতিনিধির জানাজা হলো কর্মস্থলে

একাত্তর টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি সালাউদ্দিন আহমেদের মরদেহ দেশে আনার পর কর্মস্থল একাত্তর টেলিভিশনের বারিধারা কার্যালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

মস্তিস্কে রক্তক্ষরণে ২৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন একাত্তর টেলিভিশনের সৌদি আরবের প্রতিনিধি সালাউদ্দিন। বুধবার বিকালে বাংলাদেশ বিমানের বিজি-থ্রি ফোর জিরো ফ্লাইটে সালাউদ্দিন আহমেদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। 

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আট নম্বর গেট দিয়ে মরদেহটি গ্রহণ করেন তার পরিবার ও সহকর্মীরা।

পরে নিহতের মরদেহ নিজের কর্মস্থলে আনার পর স্বজন ও সহকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। 

এসময় উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদসহ আরও অনেকে। তারা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

এসময় জানাজায় উপস্থিত সালাউদ্দিন আহমেদের সহকর্মীরা জানান, প্রতিকূল পরিবেশে একাত্তরের চেতনাকে ধারণ করে সৌদি আরবে কাজ করে গেছেন সালাউদ্দিন। তার অকালপ্রয়াণের ক্ষতি অপূরণীয়। 

জানাজায় উপস্থিত হয়ে তার স্বজনেরা জানান, বৃহস্পতিবার সকালে চতুর্থ জানাজা শেষে যশোর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ২৮শে জানুয়ারি মস্তিস্ক রক্তক্ষরণে রিয়াদের একটি হাসপাতালে মারা যান একাত্তর টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ।