টরন্টোতে কবিতা উৎসব উদযাপন

টরন্টো কবিতা উৎসব ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার কানাডার সবচেয়ে বড় এবং অভিবাসী-প্রধান শহর টরন্টোর টেইলর ক্রিক পার্কের প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে, খোলা আকাশের নিচে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিকারা ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনী সেশনে শুভেচ্ছা বক্তব্য দেন কানাডার ইংরেজি ভাষার বিখ্যাত কবি প্যাট কনরস এবং কানাডার বুদ্ধিজীবী ও প্রবন্ধকার টেরি বারকার। টরন্টো কবিতা উৎসব পর্ষদের পক্ষ থেকে স্বাগত জানান কবি কাজী হেলাল।

কবিতা ও আবৃত্তির মায়াময় এই অনুষ্ঠানে দলীয় আবৃত্তি উপস্থাপন করেন টরন্টোর বাংলা ভাষার আবৃত্তি দলগুলো—বাচনিক, অন্যস্বর, উত্তরের জানালা এবং লেখক সংগঠন রাইটার্স ক্লাব। আবৃত্তি করেন সুমন মালিক, মার্জিয়া মৌ, দিলারা নাহার বাবু, আনিসা রশীদ লাকী, সুরাইয়া উর্মি, নাইমা সিদ্দীকা, অরুণা হায়দার, মুনিয়া মিলি, জুলিয়া নাসরিন, আইনুন আফরোজ, ফ্লোরা সূচী ডি রোজারিও, সৈয়দা আম্মাতুল ফাতেমা রোজসহ অনেকে।

কবিতা পাঠ করেন কানাডার সপ্তম পোয়েট লরিয়েট কবি জর্জ এলিয়ট ক্লার্ক, কবি জামিল রায়হান, কবি প্যাট কনরস, কবি বজলুস শহীদ, কবি জিওভানো রিক্কো, কবি শিউলী জাহান, কবি রিচার্ড গ্রীন, কবি তসলিমা ইসলাম, কবি কারেন শেনফেল্ড, কবি ঋতুশ্রী ঘোষ, কবি হানি নোভিক, কবি সৈকত রুশদী, কবি রোকো ডি গিয়াম, কবি বাদল ঘোষ, কবি মস্তোফা হক এবং কবি কার্ল ফ্লিস।

বক্তব্য রাখেন চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, লেখক সুমন রহমান, সুব্রত কুমার দাশ, সাদী মোহাম্মদ এবং নাট্যজীবী হাবিবুল্লাহ দুলাল। টরন্টো কবিতা উৎসবের সমাপনী বক্তব্য দেন কবি মেহরাব রহমান। সারাদিনের এই অনুষ্ঠানের বাংলা ও ইংরেজি ভাষার উপস্থাপনা পরিচালনা করেন আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন এবং সম্পূর্ণা সাহা।

বহুভাষিক কবি ও কবিতার বৈচিত্র্যময় সমাহার, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির এই টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল প্রতি বছর অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোতে। এটি শুরু হয়েছে ২০২৪ সাল থেকে। অনুষ্ঠানের পোস্টার ডিজাইন করেন বাংলাদেশের শিল্পী মোমিন উদ্দীন খালেদ। নান্দনিক মঞ্চ পরিকল্পনা করেন কচি রানা। টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালের কিউরেটর হিসেবে কাজ করেন কবি মেহরাব রহমান, কবি কাজী হেলাল, কবি নয়ন হাফিজ, আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন এবং কবি পারভেজ চৌধুরী।