মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে অননুমোদিতভাবে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এমন ৩১ অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে অনুমোদনহীন ডিজিটাল ঋণ কার্যক্রম থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
বিএফআইইউ জানিয়েছে, এসব অননুমোদিত ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য, মোবাইল ফোনে থাকা যোগাযোগের তথ্য, ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে ঋণের টাকা আদায়ের নামে গ্রাহকের ওপর অযাচিত চাপ সৃষ্টি, ভয়ভীতি দেখানো, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো ঘটনা ঘটছে। এতে মানুষের আর্থিক নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়ছে।
বিএফআইইউ বলেছে, বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং প্রচলিত আইন ও বিধিবিধান ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ দেওয়ার সুযোগ নেই। অনুমোদনহীন এসব কার্যক্রমের মাধ্যমে প্রতারণা, আর্থিক অপরাধ ও মানিলন্ডারিংয়ের ঝুঁকি তৈরি হতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী প্রতারণামূলকভাবে ঋণ কার্যক্রমের মাধ্যমে অর্থ আত্মসাৎ মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অপরাধ ও আইনের আওতায় শাস্তিযোগ্য। এ কারণে মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে ঋণ নেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএফআইইউর পরামর্শ অনুযায়ী, অপরিচিত কোনো মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে এসব প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য, পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য বা মোবাইল ফোনের সংবেদনশীল তথ্য দেওয়া যাবে না। ঋণ দেওয়ার নামে অগ্রিম টাকা, নিবন্ধন ফি বা প্রসেসিং ফি দাবি করা হলে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়।
বিএফআইইউর নজরে এ ধরনের ৩১টি অননুমোদিত মোবাইল অ্যাপ এসেছে। এসব অ্যাপের মাধ্যমে প্রতারিত না হওয়ার জন্য জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।
সামিট গ্রুপের রেকর্ড ২ হাজার কোটি টাকার কর ফাঁকি
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অ্যাপগুলোর মধ্যে রয়েছে, সাথী লোন, পপুলার, ফিনেশিয়াল, কুইক লোন, কুইক ক্যাশ, ঢাকা পিন, লোনবাইফ, দোস্ত লোন, ক্যাশ ক্যাশ লোন, কেওয়াইও লোন, এসএসএইচ মানি, লোনফানি, ক্যাশহারা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি ক্যাশ, ধৈর্য লোন, পিন ঋণ ডু, ফঙ্গেক্যাশ, আলো লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও ক্যাশানাও।
অননুমোদিত কোনো প্ল্যাটফর্ম থেকে ঋণ নিয়ে প্রতারিত হলে বা এ ধরনের কার্যক্রম পরিচালনাকারী অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানা থাকলে বিএফআইইউতে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।