পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর আলোচনার সাথে, ১১ দফা দাবি বাস্তবায়নে সোচ্চার শিল্প মালিকরা। তাদের মতে, শ্রম দক্ষতা বাড়ানো, জ্বালানি সঙ্কটের সমাধান, সুদহার কমানোসহ চলমান সঙ্কটের সমাধান না হলে, টেকসই হবে না এই খাত। যা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করবে, শ্রমিক এবং মালিকদের জন্য। বিশ্লেষকরা মনে করেন, বেতন বাড়ানোর আলোচনার সঙ্গে এসব দাবি সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। তবে, শিল্পের স্বার্থেই সমস্যাগুলোর সমাধান করতে হবে।
বেতন বৃদ্ধির দাবিতে লম্বা সময় ধরে অস্থির পোশাক খাত। মজুরি বোর্ড গঠন, বৈঠক আর প্রস্তাব-আলোচনার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, নিশ্চিত হয়নি স্বাভাবিক উৎপাদন। তবে, শ্রমিকদের বেতন বাড়ানোর আলোচনার সমান্তরালে এখন সামনে আসছে মালিকদের ১১ দফা।
এরই মধ্যে, সর্বনিম্ন ৩০ এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা ধরে প্রস্তাবনা মজুরি বোর্ডে জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধি। প্রস্তুতি নিচ্ছেন মালিকরাও। তবে, বেতন বাড়ানোর যৌক্তিকতার সাথে, চলমান সমস্যাগুলোর সমাধানই আসছে ১১ দফা আকারে। যেমন, কাজ না করলে বেতন নয়, শ্রমিক সংগঠনের নিবন্ধন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, দক্ষতা বাড়ানোসহ বেশকিছু বিষয় থাকছে দাবির মধ্যে। যা পূরণ না হলে, বেতন বাড়ানোর সুফল পাবে না কারখানাগুলো- এমনটা মনে করছেন মালিকরা।
বর্তমানে দেশে পোশাক কারখানা ৩ হাজারের ওপরে। যার বড় একটা অংশই জ্বালানি, উচ্চ সুদহার, বন্দর ও কাস্টমসের হয়রানি এবং সরকারি বিভিন্ন দপ্তরের অসহযোগিতার কারণে ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে গেলো কয়েক বছরে। এছাড়া, বৈশ্বিক পরিস্থিতিও অনুকূলে না থাকায়, কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না রপ্তানি আয়। তাই এসব দাবি পূরণে সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছেন তারা।
বিজিএমইএ'র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ফ্যাক্টরি রান করতে গিয়ে আমাদের যে ধরনের বাধা আছে, সেইগুলোকে একত্রিত করে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে করে এই সমস্যার সমাধান হলে আমাদের ইন্ডাস্ট্রি সাস্টেইন করবে এবং আমাদের ওয়ার্কারের সাথে আমাদের এই সম্পর্কটা আরো বৃদ্ধি পাবে। আমরা চাচ্ছি যে সকল দাবি শ্রমিকদের দাবি সেটা এক টেবিলে আলোচনা হোক। পাশাপাশি এই দাবিগুলো যৌক্তিক দাবিগুলো আলোচনা করে এটার একটা সমাধান করা হোক।
বিশ্লেষকরা জানান, শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে এসব দাবি জড়িত নয়। তবে শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা নিশ্চিতে এগিয়ে আসতে হবে সরকারকে।
রপ্তানি টেকসই করতে পৃথক পোশাক মন্ত্রণালয় ও শ্রমিকদের রেশনের দাবিও আছে আলোচনায়।