অবশেষে কিছুটা স্বস্তি ফিরছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দুই মাস পর দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম নেমে এসেছে ৬ ডলারের নিচে। শনিবার (১৪ নভেম্বর) যা দাঁড়ায় ৫ দশমিক ৯৯৮ ডলারে।
ইরান যুদ্ধের কারণে তেলের সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার শোধনাগারে ইউক্রেনের হামলায় ডিজেলের উৎপাদন কমে যাওয়ায় গত কয়েক মাসে জ্বালানিটির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। গত ২২ সেপ্টেম্বর প্রতি গ্যালন ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৬ দশমিক ৫১৯ ডলারে।
তবে সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসা এবং অপরিশোধিত তেলের দাম কমায় বাজারে চাপ কমছে। গত দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ।
এ ছাড়া শরৎ মৌসুমে গাড়ি চলাচল কমে যাওয়ায় ডিজেলের চাহিদাও কমেছে। ঘূর্ণিঝড়ের মৌসুম শেষ হওয়া এবং তেল শোধনাগারগুলোর উৎপাদন স্বাভাবিক হয়ে আসাও দাম কমাতে ভূমিকা রাখছে।
ডিজেলের দাম কমায় পরিবহন, কৃষি ও পণ্য সরবরাহ খাতে ব্যয় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, ট্রাক, ট্রেন, জাহাজ ও কৃষি যন্ত্রপাতি চালাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই জ্বালানি। ফলে ডিজেলের দামে স্বস্তি মূল্যস্ফীতির চাপ কমাতেও সহায়ক হতে পারে।