করদাতাদের জন্য সুখবর, ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর

চলতি অর্থবছরের অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ের মধ্যে কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। সার্ভার জটিলতা ও অতিরিক্ত ব্যবহারকারীর চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মোহা. মাসদুর রহমানের সই করা এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট ব্যবস্থায় একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভার জটিলতার সৃষ্টি হয়। এতে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের কর মেয়াদের রিটার্ন দাখিল করতে গিয়ে বিঘ্নের মুখে পড়েন।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো ধরনের সুদ ও জরিমানা দিতে হবে না।