অব্যাহত চাপের কারণে, বিপুল বকেয়া কর পরিশোধে নমনীয় হয়েছে বিদ্যুৎখাতের জায়ান্ট সামিট গ্রুপ। ফলে, এখনই গ্রুপের ৭ পরিচালকদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় যেতে চায় না এনবিআর। এদিকে, সামিটের বিরুদ্ধে আরো ৪শ কোটি টাকা ফাঁকির অভিযোগ এনেছে এনবিআর। ফলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে প্রায় আড়াই হাজার কোটিতে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন পরিস্থিতি জানা গেছে।
বেসরকারি খাতে উৎপাদিত বিদ্যুতের পাঁচ ভাগের একভাগই জোগান দেয় প্রভাবশালী গ্রুপ সামিট। পুঁজিবাজারে নিবন্ধিত সামিট পাওয়ার লিমিটেডের ৬৩ শতাংশ শেয়ারের মালিক সামিট করপোরেশন। ফলে আয়ের সিংহভাগ ডিভিডেন্টই যায় করপোরেশনে। এই আয়ে উৎসে কর কেটে এনবিআরে জমা না দেয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের সময়ই। তখন এনবিআরের সহযোগিতায় বিষয়টির নিষ্পত্তি হলেও থেকে যায় বিতর্ক।
সেই ফাইল পুনরায় চালু করে, ডিভিডেন্টে কর ফাঁকির ৯শ ৬৩ কোটি টাকা দাবি করে এনবিআর। সাথে আরো ১ হাজার ২০ কোটি টাকা ফাঁকির অভিযোগ আনা হয় অন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে। পাশাপাশি সামিটের সাত পরিচালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার উদ্যোগও নেয় এনবিআর।
তবে, এই অভিযোগ পাত্তা না দিয়ে হাইকোর্টে এনবিআরের বিরুদ্ধে ২০টি রিট করে সামিট। কিন্তু একাত্তরে তা নিয়ে খবর প্রচার হলে কিছুটা নমনীয় হয় গ্রুপটি। পরিশোধ করে ব্যক্তি কর ফাইলের ফাঁকি হওয়া প্রায় ১৬ কোটি টাকা।
এই সামান্য অর্থ পেয়ে থেমে থাকেনি এনবিআর। উল্টো, সিঙ্গাপুরে আয়-বিনিয়োগের কর ফাঁকির অভিযোগ তদন্ত করে আনা হয় আরো ৫শ কোটি টাকা ফাঁকির অভিযোগ। এনবিআরের এমন চাপে আরো নমনীয় হয় সামিট। এনবিআরের অন্তত তিনজন কর্মকর্তা নিশ্চিত করেন, ডিভিডেন্টের ওপর দাবিকৃত কর পরিশোধে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছে গ্রুপটি। আর সেকারণে ফৌজদারি মামলার এজাহারের ড্রাফট প্রস্তুত হলেও ধীরে হাঁটছে রাজস্ব বোর্ড।
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম জানান, পারস্পরিক মীমাংসার মাধ্যমে যদি ট্যাক্স আদায়যোগ্য হয় সেটা যদি উনারা পে করতে চায়, সেটাতে ইনকাম ট্যাক্স অথরিটি সেই ট্যাক্সগুলা গ্রহণ করে সেখানে মীমাংসা করতে পারে। ইনকাম ট্যাক্স অথরিটি কিন্তু মামলা ফাইলের আগে কিংবা মামলা ফাইল করার পরবর্তীতে যেকোন সময় এটার আপোষ মীমাংসা করার সুযোগ আইনে দেয়া আছে।
উল্লেখ্য, গত আগস্টে কর ফাঁকির অভিযোগের বিষয়ে একাত্তরের লিখিত প্রশ্নের জবাব দেয় সামিট। জানায়, কর ফাঁকির অভিযোগের বিষয়ে আদালত ও এনবিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথে সামিট।
