বিলাসবহুল এলাকায় আছে বাড়ি, গাড়িসহ কোটি কোটি টাকার সম্পদ। তবু যেন গরজ নেই আয়কর রিটার্ন দেয়ার। আবার রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়াই শত শত কোটি টাকার এফডিআর জমা রাখছে ব্যাংকগুলো। ৫ আগস্টের পর এনবিআরের বিভিন্ন দপ্তরের তদন্তে উঠে আসছে উচ্চবিত্তদের সম্পদ গোপনের মহোৎসবের চিত্র। কর্মকর্তারা জানান, কর ফাঁকি দিতে অনেক ব্যবসায়ী আয়কর নথিতে গোপন করছেন শত শত কোটি টাকার ব্যাংক আমানত। বিত্তবানদের এমন করফাঁকি ঠেকাতে প্রযুক্তিনির্ভর তদন্তে জোর দিচ্ছেন অর্থনীতিবিদিরা।
রাজধানীর বিলাসবহুল এলাকা গুলশান একে ডিসিসি মার্কেটের পাশে মূল সড়কের ওপর একটি দোতলা রাজকীয় ভবন। জমির আয়তন প্রায় ১৩ কাঠা। কর কর্মকর্তাদের হিসাবে, প্রতিকাঠা ১০ কোটি হলেও জমির মোট দাম একশ ৩০ কোটি টাকা। ভবন নির্মাণে খরচ আরো প্রায় ১৪ কোটি। বাড়ি মালিকের আছে একটি নিশান পেট্রোল, দুটি লেক্সাস ও একটি টয়োটা ক্যামরি। অর্থাৎ জমি, বাড়ি ও গাড়ির মূল্য প্রায় দেড়শ কোটি টাকা।
কিন্তু অবাক করা তথ্য হলো, বিপুল এই সম্পদের কোনো হিসাব এনবিআরকে দেন না গুলশানের সেই বাসিন্দা। ৫ আগস্টের পর গোয়েন্দা তথ্য পেয়ে অনুসন্ধানে নামেন কর কর্মকর্তারা। শুধু এই একজন ব্যক্তি নন। বনানী, বারিধারা, ধানমন্ডিতে এমন অনেক সম্পদশালী আছেন যারা, কর দেয়া তো দূরের কথা, আয়কর রিটার্নই দেন না। এমন আরো চার ব্যক্তির তথ্য পেয়ে বুধবার অনুসন্ধান শুরু করেছে আয়কর গোয়েন্দা ইউনিট।
গুলশানের ঐ ব্যক্তির সম্পদ শুধু বাড়ি, গাড়িতেই সীমাবদ্ধ নয়। তিন ব্যাংকে ছিল অন্তত ৭৯ কোটি টাকার এফডিআর। কোনো ধরনের রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়াই এই টাকা জমা রাখে বেসরকারি খাতের ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। সবমিলিয়ে ঐ ব্যক্তির বিরুদ্ধে একশ ১৩ কোটি টাকা করফাঁকির অভিযোগ আনে এনবিআর। যার ২৭ কোটি আদায়ও হয়েছে।
একদিকে, ব্যাংকগুলো আইন অম্যান করে যেমন বিপুল এফডিআর গোপনে সহায়তা করছে, আবার করদাতারাও বড় অংকের আমানত গোপন করছেন। সম্প্রতি নারায়ণগঞ্জের পোশাক খাতের এক উদ্যোক্তা ও তার দুই সন্তানের শত কোটির বেশি গোপন আমানতের তথ্য পান কর গোয়েন্দারা। ধরা পড়ার পর ফাঁকি হওয়া কর পরিশোধ করছেন তারা। এর আগে এক ঠিকাদারি কোম্পানির প্রায় তিনশ কোটি টাকার গোপন এফডিআর পান এনবিআর কর্মকর্তারা।
এনবিআর কর্মকর্তাদের আশঙ্কা, বিত্তশালীদের ধরা পড়া এমন গোপন সম্পদ বাস্তবতাবার তুলনায় অতি নগন্য। এমন পরিস্থিতিতে কর ফাঁকি অনুসন্ধান প্রক্রিয়া আধুনিক করার তাগিদ অর্থনীতিবিদদের। আবার করফাঁকি বন্ধে এনবিআরকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সট ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম জানান, এনবিআরের লোকোবলের অভাবের কারণে এক্সিডেন্টালি কেউ কেউ হয়তো ট্যাক্স ফাঁকির তালিকায় পড়েছে । আবার এরকমও হইতে পারে ইনকাম ট্যাক্স অথরিটিতে যারা কাজ করেন ইন্সপেকশনের দায়িত্বে যারা আছেন অনেক সময় তাদের মধ্যে যোগ সাজসের কারণে উনারা এগুলাকে এভয়েড করে যান এবং এই সমস্ত দুষ্টু ট্যাক্স এভয়েডার যারা আছে তাদেরকে সুবিধা সৃষ্টি করে দেয়।
