রাজধানীসহ সারাদেশের তৈরি পোশাক বিক্রেতাদের জন্য বড় পাইকারি বাজার কেরানীগঞ্জ। এই পোশাক পল্লিতে তিনশ’র বেশি শপিংমল আছে। দোকান আর এছাড়া ছোট ও মাঝারি পোশাক কারখানাসহ এখানে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ১০ হাজারের বেশি।
অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়টাতে এখানে ক্রেতাদের আনাগোনা অনেক বাড়ে, শীতের কাপড় সংগ্রহের জন্য। কিন্তু এবার চিত্র ভিন্ন। অধিকাংশ দোকানেই শীতের কাপড়ের স্টক প্রচুর কিন্তু ক্রেতা নেই।
বিক্রেতারা বলছেন, অবরোধের কারণে ঢাকার বাইরের ক্রেতারা ঢাকায় পৌঁছতে পারছেন না। তারা দাবি করছেন- গত বছরের তুলনায় এবারের বিক্রি অর্ধেকেরও কম।
ছেলেদের ব্লেজার, জিন্স কিংবা গ্যাবারডিনের জ্যাকেটের বিক্রি নেই আর বাচ্চা ও নারীদের শীত পোশাকের দোকানগুলোতেও বিক্রি প্রায় শূন্যের কোঠায়। তবু ব্যবসায়ীদের আশা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হয়ে এলে আর শীত একটু বাড়লেই বিক্রি বাড়বে।
এবার অবস্থা এমন যে লোকসান কমাতে ছোট দোকানের মাঝেও এভাবে পার্টিশন দিয়ে অর্ধেক করে ভাড়া কমিয়ে টিকে থাকার চেষ্টা করছেন কেরানীগঞ্জের অনেক ব্যবসায়ী। তাদের শঙ্কা হরতাল-অবরোধ চলতে থাকলে এভাবেও ব্যবসা টিকিয়ে রাখা যাবে না।