ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আরও বাড়লো গাড়ি ও টোল আদায়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়ার তৃতীয় দিনে উড়াল সড়কটি ব্যবহার করেছে ৩০ হাজারের বেশি গাড়ি। আর এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে ২৫ লাখ টাকার বেশি, যা আগের দিনের চেয়ে প্রায় তিন লাখ টাকার বেশি। 

বুধবার সকালে এ তথ্য জানান জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (পাঁচ সেপ্টেম্বর ভোর ছয়টা থেকে ছয় সেপ্টেম্বর ভোর ছয়টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ৩০ হাজার ৯১৯টি। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২৫ লাখ ছয় হাজার ৮০০ টাকা।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উড়াল সড়কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পরের দিন রোববার। 

উড়াল সড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ধাপের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।