গ্যাস সিলিন্ডারের পাইপ বিস্ফোরণে আহত চার

রাজধানীতে খাবার তৈরির একটি প্রতিষ্ঠানের ফ্রিজিং রুমে গ্যাস সিলিন্ডার মেরামতের সময় পাইপ বিস্ফোরণে চার জন আহত হয়েছেন। স্থানীয়ভাবে চিকিৎসার পর তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশনের বিএফসি নামের একটি ফাস্টফুড কোম্পানির ফ্রিজিং রুমে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রতিষ্ঠানটির মালিকের ভাই জামিনুর রহমান (৪৫), মেরামতকারী প্রতিষ্ঠানের টেকনিশিয়ান রাসেল মিজি (৪২), রতন (৩৫) ও ফিরোজ হাওলাদার (৩২)। 

আহত ফিরোজ জানিয়েছেন, তারা কুড়িলের জেনেটায়ারিং ইন্জিনিয়ারিং কোম্পানির কর্মী। বিএফসি কোম্পানির ফ্রিজিং রুমের ত্রুটি সারানোর কাজ করছিলেন। হঠাৎ গ্যাসের পাইপ বিস্ফোরণে চার জন আহত হন।

সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং এরপরে ঢামেক হাসপাতাল নেওয়া হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়ে গেছে। তাদের চিকিৎসা চলছে।