রাজধানীতে খেলা নিয়ে তর্কের জেরে এক কিশোরে হাতে নিহত হয়েছে আরেক কিশোর। মাথার পেছনে সজোরে আঘাত করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ হত্যকারী কিশোরকে আটক করেছ।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাড্ডার হোসেন মার্কেটের ময়নাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সালমান খান ফেরদৌস (১৭)। সে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বলমন্তর চর গ্রামের ফল বিক্রেতা শাহ আলমের ছেলে। সালমান বর্তমানে বাড্ডা হোসেন মার্কেট এলাকার ময়নার বাগে পরিবারের সঙ্গে থাকতো। সে বাড্ডায় ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
বড় ভাই মেহেদী হাসান বলেন, সালমান বিকেলে বাসার অদূরে ময়নার বাগ এলাকায় ঘুরতে বের হয়ে ছিল। তখন পথে তাকে কেউ তাকে মাথার পেছন থেকে সজোরে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বিকেলে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা শাহ আলম বলেন, বাসার অদূরে খেলাধুলা নিয়ে তর্কে রাসেল নামের এক কিশোর সালমানের মাথার পেছনে আঘাত করে । এ ঘটনায় রাসেলকে বাড্ডা থানা পুলিশ আটক করেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।