দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় গুরুতর আহত নেত্রকোনা-৩ এর বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রুহুল আমিন (২৭) মারা গেছেন।
সোমবার বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের মামা গোলাম সবুজ নুরী বলেন, রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিজয়ী মিছিল করায়, রুহুল আমিনকে নেত্রকোনা -৩ এর নৌকার প্রার্থী অশিম কুমার উকিলের সমর্থকরা তাদেরই প্রতিবেশীরা রুহুলসহ দু'জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
আহত অবস্থায় রাতেই রুহুল আমিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার বিকালে ঢামেকে এনে হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় সাকের আহমেদ নামে আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রুহুল আমিন ও সাকের দু'জনই ট্রাক প্রতীকের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন পিন্টুর সমর্থক।
স্বজনরা জানান, নিহত রুহুল আমিন কিছুটা বাক প্রতিবন্ধী ছিলেন। গ্রামে কৃষি কাজ করতেন। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার গোবিন্দপুর দেওগাঁও গ্রামের কৃষক কাজিম উদ্দিনের ছেলে।