সাভারে কলেজছাত্র হত্যা: সাত দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

সাভারে ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়েছে। ঘটছে হত্যার মতো নানা ঘটনাও। সবশেষ ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহতের ঘটনায় এলাকাবাসী ও পুলিশের সন্দেহ ছিনতাইকারীদের দিকে। তবে হত্যাকাণ্ডের সপ্তাহ পার হলেও ওই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। মিলছেনা হত্যার কোনো ক্লু। নিহতের পরিবারের অভিযোগ রয়েছে তদন্তে ধীরগতি ও পুলিশের তৎপরাত নিয়েও।

গত শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে ল্যাব জোন হাসপাতালের সামনে পদচারী সেতুর ওপরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন কলেজ ছাত্র আবু সাঈদ হিমেল। পরে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামিয়া হাসপাতালের সামনে পড়ে থাকা লাশ উদ্ধার করে পুলিশ।  

নিহত হিমেল সাভার পৌর এলাকার বিনোদ বাইদ মহল্লার কামাল হোসেনের ছেলে। রাজধানীর নীলক্ষেতে একটি কম্পিউটারের দোকানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার পাশাপাশি সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখার ছাত্র ছিল। 

নিহতের স্বজনরা বলছেন, থানায় মামলা হলেও এ ঘটনায় কেউ এখনও গ্রেপ্তার হয়নি।  

সাভারের বাসিন্দারা বলছেন, বেশ কয়েকটি স্পটে ছিনতাই বেড়েছে। শিল্প অধ্যুষিত এলাকার পৌর শহরের মডেল মসজিদের দুই পারে আশঙ্কাজনকভাবে প্রতিনিয়ত ছিনতাই বেশি হচ্ছে। এখানে থাকা ফুট ওভারব্রিজে ভয়ে কেউ উঠতে চান না। বিশেষ করে কলেজছাত্র হিমেল হত্যার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বেশ আতঙ্কে। পুলিশের তৎপরতা না থাকায় তারা হতাশ। 

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন, ছিনতাই প্রবণ এলাকা চিহ্নিত করে ফুটপাট দখল মুক্তের কাজ চলমান। 

মামলার তদন্ত কর্মকর্তা এস আই জহুরুল ইসলাম মুঠোফোনে জানান, এখনও কোনো  ক্লু মেলেনি। বর্তমানর মামলাটি ডিবি পুলিশের কাছে দেওয়া হয়েছে। 

ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম বিপ্লব বলেন, ধারনা করা যাচ্ছে- ছিনতাইকারীদের হাতেই হিমেল নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।