রাজধানীতে সহকর্মীর মারধরে পোশাক শ্রমিক নিহত

রাজধানীর দক্ষিণখানে সহকর্মীর মারধরে এক তরুণ নিহত হয়েছে। শনিবার সকালে দক্ষিণখানের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. সজিব (১৭)। সে দক্ষিণখানের ফ্যাশন ডিজাইন নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতে। সজিবের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার ডাঙ্গেরগাও গ্রামে, বাবা শাহেদ আলী। সে পরিবার নিয়ে দক্ষিণখানের মুন্সি মার্কেট এলাকায় ভাড়ায় থাকতো।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সহকর্মী মাহিনের সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে মাহিনের  কিল-ঘুষিতে সে গুরুতর আহত হয়। অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্র হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান বলেন, অভিযুক্তকে আটকের জন্য অভিযান চালাচ্ছি।