শিশুপ্রহরে মুখরিত বইমেলা

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই শিশু চত্বর মুখর শিশু-কিশোরদের পদচারণায়, এবার বইমেলার শুরুর দ্বিতীয় দিনেই অনুষ্ঠিত হলো প্রথম শিশুপ্রহর।

শুক্রবার সকাল ১১টা থেকে শিশুপ্রহরে প্রাণ খুলে ছুটে বেড়িয়েছে শিশুরা। এবারও বইমেলায় শিশুপ্রহরের মূল আকর্ষণ ছিল সিসিমপুরের জনপ্রিয় চরিত্ররা।

সকালেই শিশু চত্বরে সিসিমপুর মঞ্চ উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা।

Shishu prohor 1

নতুন বই কেনার ফাকে শিশুপ্রহর জমজমাট হয়ে ওঠে সিসিমপুরের আয়োজনে। বাবা-মা ও অভিভাবকদের সঙ্গে শিশু-কিশোরদের আগমনে সোহরাওয়ার্দী উদ্যান অংশের শিশু কর্নার ছিল মুখরিত।

শিশুদের বিনোদনের কেন্দ্রবিন্দু সিসিমপুরের মঞ্চ ছিল নানা বয়সী শিশুদের কোলাহলে মুখর। সেখানে ছিল টুকটুকি, শিকু, ইকড়ি ও হালুমের পরিবেশনা।

Shishu prohor 2

গানের সঙ্গে সঙ্গে তারা শিশুদের দেয় নানা শিক্ষামূলক বার্তা। পছন্দের চরিত্রগুলোর ছবি তোলার হিড়িক পড়ে শিশুদের মাঝে। বাচ্চাদের ছোটাছুটি আর দুরন্তপনায় শিশু চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে।

শিশুপ্রহরের জন্য বরাদ্দ প্রতি শুক্র ও শনিবার। এই দুইদিনে সিসিমপুর শো দেখানো হবে সকাল সাড়ে ১১টা, বেলা তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।