ঢামেক হাসপাতালের সাততলা থেকে লাফিয়ে পড়লেন রোগী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে নতুন ভবনের সাততলার জানালা দিয়ে লাফিয়ে চারতলার ওপর পড়ে গুরুতর আহত হয়েছেন এক রোগী। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

লাফিয়ে পড়া জহিরুল ইসলাম (২৭) ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার বড়ইহাতি চকপাড়া গ্রামের মৃত আসাদুজ্জামান ও জোসনা বেগমের ছেলে। গুরুতর অবস্থায় তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. উজ্জ্বল মিয়া জানান, আশপাশের লোকজনের হৈচৈ শুনে মেডিকেলের আনসার সদস্যরা দেখতে পান চারতলায় তলায় আটকে আছেন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগে ভর্তি করা হয়।

ওই রোগীর ছোট ভগ্নীপতি নিলয় বাবু জানান, জহিরুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। হঠাৎ করে তার বিভিন্ন সমস্যা দেয়। মাঝেমধ্যে এলোমেলো কথাবার্তা বলতেন। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে গত তিনদিন আগে তাকে ঢামেক হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। 

তিনি আরও জানান, জহিরুলের সেবার জন্য তার পাশে ছিলেন তার মা জোসনা বেগম । সঙ্গে এক শিশুও ছিল। রাত আনুমানিক এগারোটার দিকে তার মা ওয়াসরুমে যান। তখন জহিরুল হাসপাতালের পেছনের দিকের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই রোগীর পা, কোমর ও মাথায় ফ্র্যাকচার হয়েছে। তিনি বর্তমানে নিউরোসার্জারী বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।